রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার বিশ্ববিদ্যালয় প্রক্টর চৌধুরী মো. জাকারিয়ার কাছে জমা দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিএনপির ছাত্র সংগঠনটি।
এতে বলা হয়, “রাজনৈতিক কর্মকা- পরিচালনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক অধিকার।
“প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে আমরা ক্যাম্পাসে কোনো কর্মসূচি পরিচালনা না করলেও সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি চালাচ্ছে।”
রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আরাফাত রেজা আশিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে এই গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবি জানানো হয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৪র্থ কারামুক্তি দিবস উপলক্ষে মঙ্গলবার ছাত্রদলের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি।
স্মারকলিপি জমা দেওয়ার সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের যুগ্ম আহ্বায়ক তোজাম্মেল হক তোজা, কামরুল হাসান, জাহুরুল হক রোজ, সামুউল ইসলাম, আব্দুল আলীম রাসেল, ইকরামুল হক হিরা, ইমতিয়াজ আহমেদ, আহসানুজ্জামান অলিন ও ইসমাঈল হোসেন।
স্মারকলিপি গ্রহণের কথা স্বীকার করে প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি উপাচার্যকে জানিয়েছি। এ ব্যাপারে সিন্ডিকেটে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
২০০৯ সালের ১২ মে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় ছাত্র সংগঠনগুলোর রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সিন্ডিকেটের ওই আদেশে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সব ধরনের মিটিং, মিছিল, সভা-সমাবেশ, মাইকিং, ব্যানার ও পোস্টারিং নিষিদ্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এইচএ/২১০৬ ঘ.
bdnews24