ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা দুটি প্রত্যাহারের জন্য থানায় আবেদন করেছে কর্তৃপক্ষ।
শাহবাগ থানার ওসি (তদন্ত) মো. আব্দুল জলিল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মামলার বাদি বুয়েটের সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) গোলাম কুদ্দুস খান মঙ্গলবার রাতে মামলা দুটি প্রত্যাহারের আবেদন করেছেন। তার আবেদনের প্রেক্ষিতে আমরা মামলাগুলোর নিষ্পত্তি করে ফেলব।”
উপাচার্য ও উপ উপাচার্যের কক্ষে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে শাহবাগ থানায় এ দুটি মামলা হয়। এতে মোট ৪৯ জন শিক্ষক-ছাত্রের নাম উল্লেখ করে প্রায় একশ’ জনকে আসামি করা হয়।
উপাচার্য ও উপউপাচার্যের কার্যালয়ে হামলা, ভাংচুর, ৩ লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।
উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী তার বাসায় বুয়েটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মামলা প্রত্যাহার ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরতে রাজি হন শিক্ষকরা।
এরপর উপাচার্য এসএম নজরুল ইসলাম মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুয়েটের শিক্ষক সমিতি ও শিক্ষামন্ত্রীর বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মামলা তুলে নিতে নির্দেশ দিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/জেকে/১২৪৫ ঘ.
bdnews24