ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল উপউপাচর্যের অপসারণের ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, উপাচার্যকেও তার পদ থেকে সরাতে হবে।
সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠকে উপউপাচর্যের অপসারণ ও মামলা প্রত্যাহারে আশ্বাস পাওয়ার পর মঙ্গলবার সকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন বুয়েট শিক্ষকরা। সেখানে সার্বিক পরিস্থিতি ও মন্ত্রীর আশ্বাসের বিষয়গুলো জানিয়ে তারা ক্লাসে ফেরার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেন।
বৈঠক শেষে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি যন্ত্র প্রকৌশল বিভাগের ছাত্র সুদীপ্ত সাহা সাংবাদিকদের বলেন, “শিক্ষকরা মন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত হলেও আমরা আশ্বস্ত হতে পারিনি। আমরা উপাচার্যেরও অপসারণ চাই।”
বেলা ২টায় ছাত্র-শিক্ষক যৌথ সংবাদ সম্মেলনে সর্বশেষ অবস্থা তুলে ধরা হবে বলে তিনি জানান।
বুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। মন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানিয়েছি। এখন অন্য শিক্ষকদের সঙ্গেও বসব। দুপুরে যৌথ সংবাদ সম্মেলন হবে। সেখানেই সব জানতে পারবেন।”
ছাত্রদের সঙ্গে বৈঠকের আগে আশরাফুল ইসলাম সকালে অধ্যাপক অশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি ক্লাসে ফিরব। তবে এর জন্য কিছু প্রস্তুতি লাগবে। অনেকদিন ক্লাস বন্ধ থাকায় নতুন অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে হবে। এ জন্য দুয়েক দিন সময় লাগবে।”
অনিয়মের অভিযোগ তুলে উপাচার্য এস এম নজরুল ইসলাম ও উপ উপাচার্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে গত এপ্রিল থেকে আন্দোলন চালিয়ে আসছিলেন বুয়েট শিক্ষকরা। পরে শিক্ষার্থীরাও সেই আন্দোলনে যোগ দেয়।
শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বুয়েটে এবার ঈদের ছুটি ঘোষণা করা হয় আগেভাগে। এরপর গত ২৫ অগাস্ট বুয়েট খুললেও আন্দোলনের কারণে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকে।
সোমবার মধ্যরাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ তার বাড়িতে বুয়েটের শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করে তাদের শিক্ষা কার্যক্রমে ফেরাতে রাজি করান।
রাত সোয়া ১১টায় বৈঠক শুরুর পর তা শেষ করে রাত সোয়া ১টার দিকে মিন্টো রোডের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী ও বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান।
শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, “প্রোভিসিকে আমরা প্রত্যাহার করে নেব। মামলাও দ্রুত প্রত্যাহার করা হবে।”
এছাড়া বুয়েট প্রশাসনের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ এসেছে সেগুলোর বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মন্ত্রী।
তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা আবার শিক্ষা কার্যক্রমে ফিরে যাবেন এবং বুয়েট সচল হবে।
তবে শিক্ষক-শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উপাচার্যকে অপসারণের কোনো সিদ্ধান্ত এ বৈঠকে হয়নি।
শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “মামলাগুলো প্রত্যাহার করা হবে। (তিনি) বলেছেন, এগুলো প্রত্যাহার হয়ে গেল বলে ধরে নেন। আমরা তা ধরে নিয়েছি। প্রোভিসিকে প্রত্যাহার করা হচ্ছে। অন্যসব বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা আশ্বস্ত হয়েছি।”
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলামকে অপসারণের দাবি ছিল শিক্ষক-শিক্ষার্থীদের প্রধান দাবি। সেই বিষয়ে পরবর্তীতে ‘প্রয়োজনীয়’ ব্যবস্থা নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রী দিয়েছেন বলে অধ্যাপক মুজিবুর জানান।
বৈঠকে অংশ নেওয়া যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মাকসুদ হেলালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২-১ দিনের মধ্যে উপউপাচার্যকে প্রত্যাহার করা হবে বলে বলে জানানো হয়েছে। অনিয়মের যে সব অভিযোগ রয়েছে, তা তদন্তেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী আশ্বাস দিয়েছেন।”
আশ্বস্ত হওয়ার পর মঙ্গলবার থেকে বুয়েটে ক্লাস শুরু হবে কি না- জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি মুজিবুর বলেন, “আমরা বুয়েটে স্বাভাবিক কার্যক্রম শিগগিরই ফিরিয়ে আনব। আমরা আশা করছি, দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু করব।”
মঙ্গলবার ক্লাস শুরু হচ্ছে কি না- সুনির্দিষ্ট করে জানতে চাইলে তিনি বলেন, “মন্ত্রীর আশ্বাসে আমরা আশ্বস্ত হয়েছি। কিন্তু ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ও অন্য শিক্ষকরা রয়েছেন। কাল সকালে সভা করব। সবাইকে সমগ্র বিষয়টি অবহিত করব। দ্রুত স্বাভাবিক কার্যক্রম শুরু হবে বলে আমরা আশা করছি।”
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপউপাচর্য হাবিবুর রহমানের অপসারণ দাবিতে সোমবার দিনভর উত্তাল থাকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস।
রোববারের বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ দুটি মামলা করলে সোমবার বিক্ষোভ তীব্র রূপ নেয়।
শিক্ষার্থীরা ‘স্বেচ্ছায় রক্তপাত’ কর্মসূচি এবং পলাশী মোড়ে সড়কে অবস্থান নিয়ে সড়কে প্রতিবাদী চিত্র আঁকে। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে শিক্ষকরাও ছিলেন।
পরে মামলা প্রত্যাহারের মৌখিক আশ্বাসে বিকালে কর্মসূচি দিনের মতো স্থগিত করে শিক্ষার্থীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩০০ ঘ.
bdnews24