রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রায় তিনশ’ শিক্ষার্থী জ্বরে আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকরা এটিকে ‘সিজনাল ভাইরাল ফিবার’ বলে উল্লেখ করেছেন।
আক্রান্তদের কয়েকজন হলেন পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান, প্রাণ রসায়নের হাসানুল করিম এবং বিচার বিভাগের হাসান নাজিম।
তারা জানান, প্রতিদিনই জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হলগুলোতে।
তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী খাদিজা খাতুন (রুমা), ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাজেদুল ইসলাম (বাবু)সহ কয়েকজন শিক্ষার্থী জানান, বাড়ি থেকে ফেরার পরই তারা জ্বরে আক্রান্ত হন।
বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে গেলে নাপাসহ কয়েকটি ওষুধ দিয়েছে। সেগুলো খেলেও জ্বর সারছে না বলে জানান তারা।
বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রর প্রধান ডা. নাদিরা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাথমিকভাবে এ জ্বরকে ভাইরাস ইনফ্লুয়েঞ্জা বলে মনে হচ্ছে। তবু কিছু শিক্ষার্থীর রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
চিকিৎসা কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা ডা. শামীম হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবাহাওয়ার দ্রুত পরিবর্তন, প্রচণ্ড তাপদাহে ভাইরাস জ্বর ছড়িয়ে পড়েছে। এটা চিকিৎসা বিজ্ঞানে ‘সিজনাল ভাইরাল ফিবার’ হিসেবে পরিচিত।
এতে ভয়ের কোনো কারণ নেই বলে জানান এই কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24