২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুয়েট খুললেও ক্লাস হয়নি

শিক্ষকরা ক্লাস না নেওয়াসহ একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকায় বুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:59 AM

ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কারণে টানা ৪৪ দিন বন্ধ থাকার পর বুয়েট খোলার প্রথম দিনে কোনো ক্লাস হয়নি। শিক্ষকরা ক্লাস না নেওয়াসহ একাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকায় প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। উপাচার্য ও উপউপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ১০ জুলাই বুয়েটে ঈদের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে এরপরও শিক্ষক-শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যান। ছুটির পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শনিবার খুললেও কোনো ক্লাস হতে দেখা যায়নি। শিক্ষক নেতাদের কয়েকজন বলেছেন, আদালত অবমাননার দায় থেকে রক্ষা পেতে কোনো কর্মসূচি ঘোষণা না করে তারা ব্যক্তিগত পর্যায়ে ক্লাসে অংশ না নিয়ে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের আন্দোলনের মধ্যেই হাই কোর্ট গত ১৪ অগাস্ট এক আদেশে ভর্তি প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়। শিক্ষকদের ক্লাসে না যাওয়ার সিদ্ধান্ত হয়েছে কি না- জানতে চাইলে বুয়েট সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি সমিতির সিদ্ধান্ত নয়। কোনো শিক্ষক যদি ব্যক্তিগতভাবে ক্লাস না নেয়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার।” উপাচার্য ও উপাচার্যের পদত্যাগ দাবিতে এতদিন শিক্ষক সমিতির ব্যানারেই কর্মসূচি চালিয়ে আসা হচ্ছিল। আশরাফুল ইসলাম বলেন, “উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণের দাবিতে আমরা এখনো অনড়। সরকার বুয়েটের অবস্থা বিবেচনা করে শিগগিরই ইতিবাচক পদক্ষেপ নেবে বলে আশা করছি।” খোলার প্রথম দিনে কোনো ক্লাস না হলেও উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম আশা করছেন শিক্ষকরা ক্লাসে ফিরবেন। “আজ প্রথম দিন তাই হয়ত তারা আসেননি, পরবর্তী দিনগুলোতে তারা অংশ নেবেন,” বলেন তিনি। এরপরও শিক্ষকরা ক্লাসে অংশ না নিলে কী ব্যবস্থা নেবেন- জানতে চাইলে উত্তর এড়িয়ে উপাচার্য বলেন, “আমি একটি মিটিংয়ে আছি, পরে কথা বলব।” আন্দোলনের এক পর্যায়ে উপাচার্য নতুন শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। ভর্তি কার্যক্রম সম্পর্কে উপাচার্য বলেন, আগামী মঙ্গলবার শিক্ষা পর্ষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষক সমিতির এক নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার উদ্যোগ নিলে প্রথমে ডিন ও চেয়ারম্যানদের ডাকতে হবে। কিন্তু শিক্ষকরা সেই সভায় অংশ নেবেন না।” উপাচার্য নজরুল ইসলাম ও উপউপাচার্য হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার দাবিতে গত ৭ এপ্রিল বুয়েট শিক্ষক সমিতি কর্মবিরতি শুরু করে। প্রায় এক মাস পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা আন্দোলন সাময়িক স্থগিত করলেও দাবি পূরণ না হওয়ায় ১৪ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যায় তারা। আন্দোলনের মুখে গত ১০ জুলাই রোজা ও ঈদের ছুটি এগিয়ে এনে ১১ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেন উপাচার্য। এতে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা। উপাচার্য ও উপ-উপাচার্যের অপসারণ চেয়ে গণপদত্যাগেরও ঘোষণা দেন তারা। তবে শিক্ষামন্ত্রীর উদ্যোগের পর তারা ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন। এরপর ১৪ অগাস্ট আদালত ‘আন্দোলন কেন অবৈধ ঘোষণা করা হবে না’ রুল জারি করলে আন্দোলনের নতুন কোনো কর্মসূচি দেয়নি শিক্ষক সমিতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২২ ঘ.