২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে হলে ঢুকতে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখাতে হবে

আগামী ২৫ অগাস্ট থেকে পরিচয়পত্র দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলগুলোয় শিক্ষার্থীদের প্রবেশ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2012, 08:51 AM

Updated : 24 Aug 2022, 11:56 AM

ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৫ অগাস্ট থেকে পরিচয়পত্র দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হলগুলোয় শিক্ষার্থীদের প্রবেশ করতে হবে। মঙ্গলবার জাবির জনসংযোগ পরিচালক মীর আবুল কাশেমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাবির উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যদের এক সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য পরিচয়পত্র দেখানোসহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনাও করেন উপাচার্য অধ্যাপক আনোয়ার। গত ১ অগাস্ট রাতে অগাস্ট জাবি ছাত্রলীগের একাংশের নেতা তাহমিদুল ইসলাম লিখনকে দৃর্বৃত্তরা কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ এক ছাত্রকে আটক করতে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। পরদিন ব্যাপক বিক্ষোভ-সহিংসতার প্রেক্ষাপটে ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে এনে ২ অগাস্ট ছাত্রছাত্রীদের হল ছাড়ার নির্দেশ দিয়ে ২৫ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ আগস্ট বিকাল ৪টায় আবাসিক হলগুলো শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ছাত্রছাত্রীরা হলে প্রবেশ করতে পারবে। এ সময়ে আবাসিক শিক্ষকরা হল গেইটে উপস্থিত থাকবেন। অন্য সময় শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের বটতলাসহ অন্যান্য জায়গায় অবস্থিত খাবার দোকানগুলো রাত ১১টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়া, এসব দোকানে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত খাবার পরিবেশন করতে হবে। বিশ্ববিদ্যলায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত দামে দোকানুগলোয় খাবারের বিক্রি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার জন্য শুধু কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা যাবে। কোন অবস্থাতেই হল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশ হলে প্রবেশ করতে পারবে না। এছাড়া, কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে বিশ্ববিদ্যালয়সহ ক্যাম্পাসের আশেপাশের এলাকায় প্রয়োজনে অভিযান পরিচালনা করতে পারবে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪৪৭ ঘ.