রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হিরোশিমা দিবস উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৫ সালের ৬ অগাস্ট জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। তাতে লক্ষাধিক মানুষ নিহত হয়। এখনো হিরোশিমার মানুষের ওপর দেখা যায় ওই বোমার ক্ষতিকর প্রভাব।
এই দিনটিকে হিরোশিমা দিবস হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ছাত্র ইউনিয়নের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সোমবার ক্যাম্পাসে সাম্রাজ্যবাদবিরোধী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে।
সকাল ৯টায় ক্যাম্পাসের শহীদ তপন চত্বরে দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন সংগঠনের সভাপতি শিপন আহমেদ।
এরপর সকাল ১১টায় দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা হয়। এতে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম শিপলু, সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ খোমেনি, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান বক্সী, শিক্ষা-গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিহাব ইশতিয়াক সৈকত প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/১৭৩৫ ঘ.
bdnews24