জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক বিক্ষোভ-সহিংসতার প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি এক সপ্তাহ এগিয়ে আনার পর কর্তৃপক্ষের নির্দেশ হল ছেড়েছে ছাত্রছাত্রীরা।
এক ছাত্রলীগ নেতার ওপর হামলার প্রতিক্রিয়ায় বুধবার মধ্যরাত থেকে সহিংসতার পর বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট জরুরি বৈঠকে বসে ছুটি এগিয়ে আনার এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদের বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যে এবং ছাত্রীদের শুক্রবার সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
কর্তৃপক্ষের ঘোষণার পরপরই ব্যাগ গুছিয়ে হল ছাড়তে শুরু করে শিক্ষার্থীরা। কিছু ছাত্রী রাতে হলে অবস্থান করলেও শুক্রবার সকালেই তাদের হল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে দেখা যায়।
সিন্ডিকেটের সিদ্ধান্তের পরপরই পাঁচ শতাধিক পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন হল ও গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থান নেয়। এ সময় তাদের সঙ্গে জলকামানও দেখা যায়।
সিন্ডিকেটের বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উদ্ভূত পরিস্থিতিতে ঈদের ছুটি এগিয়ে আনা হয়েছে। ২৫ অগাস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ছুটি চলবে।”
আগামী ৯ অগাস্ট বিশ্ববিদ্যালয়ে ঈদের ছুটি শুরু হওয়ার কথা ছিল।
শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশের পর ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যান চলাচল শুরু হয় প্রায় ১৫ ঘণ্টা পর।
এদিন শিক্ষার্থীদের অবরোধের মুখে বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন স্থগিত করে প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ে নতুন করে এই সহিংসতার শুরু বুধবার রাত ১০টায়। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র তাহমিদুল ইসলাম লিখনকে ওই সময় কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।
এই হামলায় জড়িত সন্দেহে পুলিশ মীর মশাররফ হোসেন হল থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করতে গেলে ওই হলের ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়ে। তারা প্রাধ্যক্ষের বাড়ি ভাংচুর করলে পুলিশের রাবার বুলেটে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী আহত হন।
পাঁচ ছাত্র আহত হওয়ার পর ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। তারা কয়েকটি গাড়িও ভাংচুর করে।
অবরোধকারী শিক্ষার্থীরা প্রক্টরের পদত্যাগসহ আট দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসজুড়ে মিছিল করে।
তাদের দাবির মধ্যে প্রধান তিনটি হলো- হামলা, পুলিশের গুলিসহ বুধবার থেকে ঘটে যাওয়া সব ঘটনার দায় উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনকেই নিতে হবে; প্রক্টর তপন কুমার সাহাকে পদত্যাগ করতে হবে; মীর মশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ এমদাদুল হককে অপসারণ করতে হবে।
এদিকে বিশ্ববদ্যালয় সিন্ডিকেট এই সহিংসতার কারণ অনুসন্ধানে ছয় সদস্যের একটি কমিটি করেছে। কমিটির প্রধান করা হয়েছে উপউপাচার্য অধ্যাপক মো. ফরহাদ হোসেনকে।
তদন্ত কমিটিকে ২১ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/০৯১২ ঘ.
bdnews24