জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, অগাস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ছাত্রলীগ নেতার ওপর হামলার পর ফের উত্তাল হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার মধ্যরাত থেকে ক্যাম্পাস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একাংশের নেতা তাহমিদুল ইসলাম লিখনকে বুধবার রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এরপর পুলিশ এক ছাত্রকে আটক করতে গেলে রাত ১টার দিকে শুরু হয় সংঘর্ষ। এসময় পুলিশের রাবার বুলেটে বিভিন্ন বর্ষের পাঁচ শিক্ষার্থী আহত হন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকসহ বিভিন্ন ভবনে ভাংচুর চালায় ছাত্ররা।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন জানান, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচন স্থগিত করা হয়েছে। উপাচার্যের বাসভবনে জরুরি বৈঠক করেছেন সিন্ডিকেট সদস্যরা।
এদিকে প্রক্টরের পদত্যাগসহ আট দফা দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ক্যাম্পাসজুড়ে মিছিল করছে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলছে মহাসড়কেও। উপ উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেনের নেতৃত্বে চার শিক্ষকের একটি প্রতিনিধি দল আড়িচা সড়কে অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করলেও তাতে ফল হয়নি।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্ররা মধ্যরাত থেকেই আরিচা সড়কের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। তারা গাছের গুড়ি ও কাঠ জড়ো করে আগুনি দিয়ে এবং টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেছে।
“অবরোধস্থলের কাছাকাছি পুলিশ অবস্থান নিলেও আমরা আসলে কিছু করতে পারছি না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই এখন ছাত্রদের শান্ত করতে হবে।”
অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় সড়কের দুই প্রান্তে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ফলে যাত্রীদের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মহাসড়কে অবরোধস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের সিএন্ডবি গেইট থেকে প্রান্তিক ফটক পর্যন্ত প্রায় এক কিলোমিটার এলাকা শিক্ষার্থীরা দখল করে রেখেছে। কিছুটা দূরত্ব রেখে পুলিশও অবস্থান নিয়েছে। তৈরি রাখা হয়েছে জলকামানও।
বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাঠিপেটা করে প্রান্তিক ফটকের সামনে থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ সরে যাওয়ার পর বিক্ষুব্ধ ছাত্ররা আবারো সড়কের দখল নেয়।
এদিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও সকাল থেকেই বিক্ষোভ চলছে বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ সজল।
তিনি জানান, ক্ষুব্ধ ছাত্ররা আট দফা দাবিতে সকালে বিভিন্ন অনুষদের ক্লাস বন্ধ করে দেয় এবং প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবন অবরোধ করে রাখে।
তাদের দাবির মধ্যে প্রধান তিনটি হলো- হামলা, পুলিশের গুলিসহ বুধবার থেকে ঘটে যাওয়া সব ঘটনার দায় উপাচর্য অধ্যাপক আনোয়ার হোসেনকেই নিতে হবে; প্রক্টর তপন কুমার সাহাকে পদত্যাগ করতে হবে; মীর মোশাররফ হোসেন হলের প্রাধ্যক্ষ এমদাদুল হককে অপসারণ করতে হবে।
এদিকে ডিন নির্বাচন স্থগিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত সম্মিলিত শিক্ষক পরিষদের সদস্যরা।
ডিন নির্বাচনে কলা ও মানবিক অনুষদের ডিন পদপ্রার্থী অধ্যাপক কামরুল আহসান টিটো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরাজয় নিশ্চিত জেনেই তারা পরিকল্পিতভাবে এভাবে নির্বাচন স্থগিত করেছে।”
অবশ্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন বলেন, রাত থেকে সংঘাত ও অস্থিরতার কারণেই ডিন নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
শিক্ষার্থীরা জানায়, অর্থনীতি বিভাগের স্নাতকোত্তর পর্বের ছাত্র লিখনকে বুধবার রাতে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। রাত সোয়া ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী তাকে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দীর্ঘদিন ক্যাম্পাসের বাইরে থাকলেও উপাচার্য পরিবর্তনের পর সম্প্রতি তিনি ক্যাম্পাসে ফেরেন বলে ছাত্রলীগ কর্মীরা জানান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।
লিখনের ওপর হামলার ঘটনার পর মীর মোশাররফ হোসেন হলের নৃ-বিজ্ঞান বিভাগের ৩৯তম ব্যাচের ছাত্র নাহিদকে আটক করে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডা হয় এবং এক পর্যায়ে তারা ক্ষোভে ফেটে পড়ে।
ছাত্ররা হল সংলগ্ন প্রাধ্যক্ষের বাড়িতে ভাংচুর চালায় এবং প্রাধ্যক্ষ এমদাদুল হককে লাঞ্ছিত করে। এরপর তারা পুলিশ ভ্যান ভাংচুর করতে গেলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে ফার্মাসি বিভাগের ৩৯তম ব্যাচের রাকিব, গণিত বিভাগের ৪১ তম ব্যাচের রবিন, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির ৩৯ তম ব্যাচের মারুফ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৩৯ তম ব্যাচের নাহিদ এবং পরিসংখ্যান বিভাগের ৪০তম ব্যাচের ছাত্র বশির আহত হন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে গুলির ঘটনার পরপরই ছাত্ররা ঢাকা-আরিচা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে এবং কিছু শিক্ষার্থী বিশ্বাবদ্যালয়ের প্রধান ফটক, ছাত্র শিক্ষক কেন্দ্র, জহির রায়হান মিলনায়তন, নতুন ও পুরাতন প্রশাসনিক ভবনের কাচ ভাংচুর করে।
সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় আহত হন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আহমেদ সজল। তার ক্যামেরাও ভেঙে ফেলা হয়।
ছাত্ররা সহিংস হয়ে ওঠার পর পুলিশ আটক ছাত্র নাহিদকে ছেড়ে দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন শিক্ষার্থীদের শান্ত করতে রাতেই ঘটনাস্থলে যান। কিন্তু তাদের বোঝাতে না পেরে ফিরে আসেন।
বিক্ষোভরত শিক্ষার্থীদের তিনি বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিতে হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৩০৯ ঘ.
bdnews24