খুলনা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
বুধবার বিকালে এই চাকরিচ্যুতির আদেশ ওই শিক্ষকের কাছে পৌঁছে দেওয়া হয়। ২৪ জুলাই সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক অধ্যাপক ড. আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের বলেন, অধ্যাপক সাইফুল ইসলাম অর্থনীতি ডিসিপ্লিনের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিলেন।
এ ব্যাপারে ছাত্রীটি লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয়ের অভিযোগ কমিটি অধ্যাপক ড. সঞ্জয় কুমার অধিকারীরর নেতৃত্বে ঘটনাটি তদন্ত করে। তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
তবে, অভিযুক্ত সাইফুল ইসলাম বলেন, চাকরিচ্যুতির খবর তিনি লোক মুখে শুনেছেন। তবে কোনো চিঠি এখনো পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮৩৪ ঘ.
bdnews24