২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক গাড়িতে হামলার পর পাবনা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের লাঠিপেটা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গাড়িতে হামলার পর পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে আন্দোলনরত ১০ শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 11:51 AM

পাবনা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গাড়িতে হামলার পর পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে আন্দোলনরত ১০ শিক্ষার্থী। বুধবার এই হামলার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্রুতবিচার আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৫ ছাত্রকে। উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তার তদন্তসহ ৯টি দাবিতে গত ১৭ জুলাই থেকে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে আসছে জেলার একমাত্র বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল সাড়ে ৮টায় শহরের মোজাহিদ ক্লাবের পাশে শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাস ছাত্ররা আটকায়। তারা শিক্ষকদের গাড়ি থেকে নামিয়ে লাঞ্ছিত ও মারধর করে। তখন পুলিশ ঘটনাস্থলে এসে লাঠিপেটা করলে ১০ ছাত্র আহত হয়। হামলার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান থানায় এসে পাঁচজনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন বলে সদর থানার ওসি মো. আফজল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন। এজাহারে বলা হয়, উচ্ছৃঙ্খল ওই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রভাষক মো. আমিরুল ইসলাম, রাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান, তানভীর হায়দার ও তাওহীদুল ইসলামকে মারধরও করে। ওসি জানান, ঘটনাস্থল থেকে পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- মাহাদী হাসান সজীব (১৯), আল আমিন (২০), সাজ্জাদ হোসেন (২০), বাকি বিল্লাহ (২১) ও খালেদ হোসেন (২০)। এদিকে আন্দোলনরত ছাত্র ওলিউল্লাহ, আসিফ, নাবিল, শান্ত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে দমানোর জন্য ছাত্রদের ওপর দমন-নিপীড়ণ চালাচ্ছে। ওলিউল্লাহ বলেন, তারা শিক্ষকদের ওপর কোনো হামলা চালাননি। শিক্ষকরাই পুলিশ নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জেলা শহরে মিছিল করেছে ছাত্ররা। শিক্ষক ও শিক্ষার্থীদের মুখোমুখি এই অবস্থানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৫৪ ঘ.