২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৫০ জনের নিয়োগ কেন বাতিল নয়’

১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2012, 09:18 AM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১৯৯২ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ বাতিলে কেন নির্দেশ দেওয়া হবে না, সরকারের কাছে তার কারণ জানতে চেয়েছে হাই কোর্ট। সোমবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী একটি রুলের প্রাথমিক শুনানি করে এ আদেশ দেয়। একইসঙ্গে প্রয়োজনে নতুন নিয়োগ প্রদানে কেন নির্দেশ দেওয়া হবে না এবং নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে আদালত। তিন সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আচার্যের পক্ষে শিক্ষা সচিব, ট্রেজারার, রেজিস্ট্রার এবং ইউজিসির চেয়ারম্যানকে এর জবাব জানাতে বলা হয়েছে। বিএনপির সাংগনিঠক সম্পাদক ফজলুল হক মিলনের দায়ের করা এই রিটে আবেদনকারী পক্ষে ছিলেন মো. লুৎফর রহমান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার রাশেদ জাহাঙ্গীর। মো. লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৯২ সালের ২১ অক্টোবর থেকে ২০০১ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া ৬৫০ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীকে প্রথমে অস্থায়ী ভিত্তিতে ৬ মাসের জন্য নিয়োগ দেওয়া হয়।” “পরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদেরকে চাকরিতে বহাল রাখার কথা বলে স্থায়ী করা হয়। এই অবস্থায় তাদের অনেকে পদোন্নতিও পাচ্ছে।” তাদের নিয়োগে পত্রিকায় কোন বিজ্ঞপ্তি দেওয়া হয়নি উল্লেখ করে মো. লুৎফর রহমান বলেন, “কোন নির্বাচক কমিটি ছিলো না। তাই এই নিয়োগ অবৈধভাবে হয়েছে। আমরা রিটে সংশ্লিষ্টদের চাকরি বাতিল চেয়েছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৫০৬ ঘ.