ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের সামনে বাসের নিচে পড়ে দুই পা হারাতে বসেছেন বুয়েটের এক ছাত্রী।
আহত শামীমা নাসরিন (২০) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
একই স্থানে ছয় মাস আগে বাসের নিচে পড়ে এক পা হারিয়েছিলেন সাংবাদিক নিখিল ভদ্র।
রোববার বিকাল সাড়ে ৪টায় শামীমা দুর্ঘটনায় পড়েন বলে পুলিশ জানিয়েছে। প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সেখান থেকে তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মোহাম্মদপুর-মতিঝিল রুটের রাজা সিটি সার্ভিসের একটি বাস থেকে নামার সময় পড়ে যান শামীমা। তখন বাসের পেছনের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে যায়।
পুলিশ শামীমাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকরা তাকে পঙ্গু হাসপাতালে পাঠান বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।
তিনি বলেন, শামীমার দুই পা কেটে ফেলতে হতে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করেছেন।
শাহবাগ থানার পরিদর্শক মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজা সিটির বাসচালক ও তার সহকারীকে ঘটনার পরপরই আটক করা হয়েছে।
গত বছরের ২৮ ডিসেম্বর দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক নিখিল ভদ্র প্রেসক্লাবের সামনে দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার ডান পা গোড়ালি থেকে কেটে ফেলতে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৫৫ ঘ.
bdnews24