২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকসুর দাবিতে ধর্মঘটে শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের সদস্যরা সকালে বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে দেন। কোনো বিভাগে ক্লাস না চললেও নির্ধারিত বিভাগীয় পরীক্ষাগুলো সময়মতোই শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2012, 04:53 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্তৃপক্ষকে বেঁধে দেওয়া সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়ায় ধর্মঘট পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চের সদস্যরা সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেন এবং কলা ভবন, কার্জন হল ও আইবিএসহ বিভিন্ন ভবনের ফটকে তালা ঝুলি দেন। পরে কলাভবনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ শুরু করেন তারা। নিজেদের দাবি তুলে ধরার পাশাপাশি প্রতিবাদী গান চলতে থাকে সেখানে। এই ধর্মঘটের কারণে সকালে কোনো বিভাগে ক্লাস হওয়ারও খবর পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক সম্পর্ক, উর্দু ও ফার্সি বিভাগের নির্ধারিত পরীক্ষা সময়মতোই শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহারুল হক। শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপাত্র নূরে আলম দুর্জয় বলেন, “আমাদের এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। ডাকসু শিক্ষার্থীদের অধিকার। আজকের ধর্মঘটের পরও কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা না করলে অধিকার আদায়ে আমার বৃহত্তর আন্দোলনে যাব।” বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীরা যাতে তালা খুলে দেয় সেজন্য তাদের অনুরোধ করেছি। তবে কোনো সমস্যা সৃষ্টি হয়নি।” ডাকসু নির্বাচনের তারিখ ঘোষণার জন্য গত ১২ জুলাই প্রশাসনকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেয় শিক্ষার্থীদের সংগঠনটি। কিন্তু কোনো ঘোষণা না আসায় ১৫ জুলাই দুপুর ১২টায় তারা উপাচার্য ও উপউপাচার্যের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। তবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য কার্যালয়ে ছিলেন না। ডাকসু নির্বাচনের দাবিতে নির্দলীয় এই সংগঠনের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি চলে আসছে। এনিয়ে আদালতেও গিয়েছে তারা। সর্বশেষ ১৯৯০ সালে ডাকসু নির্বাচন হয়। এরপরে বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে ডাকসু নির্বাচনের আশ্বাস দেওয়া হলেও তা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫০ ঘ.