২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চশিক্ষার সরণিতে ৭ লাখ মুখ

সব সূচকে রেকর্ড গড়ে উচ্চশিক্ষার মহাসড়কে পা রাখতে যাচ্ছে ৭ লাখ ২১ হাজার ৯৭৯ নতুন ‘পথচারী’। আর এই রেকর্ডের পেছনে রয়েছে মানবিকে পাসের হারে উন্নতি। শহীদুল ইসলামের পর্যালোচনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 04:39 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব সূচকেই রেকর্ড গড়েছে এবারের এইচএসসি ও সমমানের ফল। বেড়েছে পাসের হার, সেই সঙ্গে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। শূন্য পাসের প্রতিষ্ঠান অপরিবর্তিত থাকলেও শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যায় ঘটেছে ব্যাপক উন্নতি। সবমিলিয়ে রেকর্ড গড়েই উচ্চশিক্ষার মহাসড়কে পা রাখতে যাচ্ছে ৭ লাখ ২১ হাজার ৯৭৯ নতুন ‘পথচারী’। শিক্ষামন্ত্রীও তাদের অভয় দিয়ে বলেছেন, উচ্চশিক্ষায় আগ্রহীদের কেউই আসনের অভাবে ভর্তি থেকে বঞ্চিত হবে না এবার। বুধবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি শিক্ষা বোর্ডের ফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। পরে দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন। বেলা আড়াইটার পর থেকে ইন্টারনেট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পেরেছে। এবার সম্মিলিতভাবে পাসের হার ৭৮ দশমিক ৬৭ শতাংশ। এরমধ্যে ৭৮ দশমিক ২৩ শতাংশ ছাত্র এবং ৭৯ দশমিক ১৯ শতাংশ ছাত্রী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৭৫ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। জিপিএ ৫ পায় ৩৯ হাজার ৭৫৯ জন। গতবারের চেয়ে এবার ৩ দশমিক ৫৯ শতাংশ শিক্ষার্থী বেশি পাস করে ফলে রেকর্ড গড়েছে। জিপিএ-৫ বেশি পেয়েছে ২১ হাজার ৩৯৩ জন। উচ্চমাধ্যমিকে এটিই এ যাবতকালের সেরা ফল। এর আগে ২০১০ সালে ৭৪ দশমিক ২৮ শতাংশ, ২০০৯ সালে ৭২ দশমিক ৭৮ শতাংশ এবং ২০০৮ সালে ৭৬ দশমিক ১৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। শিক্ষামন্ত্রীর মতে, সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি কেটে গেছে। এর ফলে মুখস্ত না করেই শিক্ষার্থীরা এখন বুঝে উত্তর দিতে পারছে, যা ইতিবাচক ফলাফলে অবদান রেখেছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার সবচেয়ে বেশি পাস করেছে সিলেট বোর্ড থেকে। এ বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৩৭ শতাংশ। এ ছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৪১ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৭৪ দশমিক ৬০ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এই আট বোর্ডের মধ্যে রাজশাহী ও বরিশাল বোর্ডে পাসের হার খানিকটা কমলেও কারিগরি ও মাদ্রাসা বোর্ডসহ বাকিগুলোতে বেড়েছে। মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ এবং ডিআইবিএস-এ (ঢাকা) ৮৪ দশমিক ৬৩ শতাংশ। ফল বিশ্লেষণে দেখা যায়, এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে এই মাইলফলকের পেছনে মানবিক বিভাগের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে। এ বিভাগে গতবারের চেয়ে ৫ দশমিক ৮৮ শতাংশ পয়েন্ট শিক্ষার্থী বেশি পাস করেছে। এবার বিজ্ঞানে ৭৮ দশমিক ৩৮ শতাংশ, মানবিকে ৭০ দশমিক ৭৪ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৪ দশমিক ১৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর বিজ্ঞান বিভাগের ৭৪ দশমিক ৯৭ শতাংশ, মানবিকে ৬৪ দশমিক ৮৬ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৮১ দশমিক ৯৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি অধ্যাপক ফাহিমা খাতুনও মনে করছেন এমনটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মানবিক বিভাগের পাসের হার ৫ দশমিক ৮৮ শতাংশ পয়েন্ট বাড়ায় গড় পাসের হারে রেকর্ড হয়েছে। গ্রামের কলেজগুলোতে মানবিকের শিক্ষার্থী বেশি থাকে। এ বিভাগে পাসের হার বাড়ায় গ্রামের শিক্ষার্থীরাও বেশি পাস করেছে।” এই ভালো ফলের পেছনে শিক্ষকদের প্রশিক্ষণ, নিয়মিত তদারকি এবং শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে নিয়মিত অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করেন এই অধ্যাপক। অন্যান্য হিসেবের সঙ্গে নতুন যোগ হয়েছে ছাত্রীদের পাসের হারে উন্নতি। এবার ছাত্রদের চেয়ে ছাত্রীদের পাসের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ বেশি। এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬১ হাজার ১৬২ জনের বাইরে ২ লাখ ২১ হাজার ৬৩৯ জন পেয়েছে গ্রেড ‘এ’, ‘এ’ মাইনাস পেয়েছে ১ লাখ ৪৬ হাজার ১৬২ জন, গ্রেড ‘বি’ পেয়েছে ১ লাখ ২৬ হাজার ৫৮১, গ্রেড ‘সি’ ১ লাখ ৪৫ হাজার ৭২২ জন, গ্রেড ‘ডি’ পেয়েছে ২০ হাজার ৭১৩ জন। সারাদেশে এবার ৯৭ দশমিক ৩৪ পয়েন্ট নিয়ে দেশসেরা হয়েছে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। এ প্রতিষ্ঠানের ১ হাজার ১৭৬ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১০৬ জন। তবে আটটি সাধারণ বোর্ডের মধ্যে সাতটিতেই ক্যাডেট কলেজ শীর্ষে রয়েছে। আর শতভাগ শিক্ষার্থী পাস করেছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ৩৬টি। ২৪টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি। সার্বিক ফলাফলের চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, “উচ্চ মাধ্যমিকে পাস করেও আসনের অভাবে কেউ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না- এমন হওয়ার কোনো কারণ নেই। সবাই উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পবে। কারণ নতুন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়ার পাশাপাশি প্রতি বছরই বিশ্ববিদ্যালয় পর্যায়ে আসন সংখ্যা বাড়ছে। ঘোষণা অনুযায়ী পরীক্ষার পর দুই মাস পূর্ণ হওয়ার পাঁচ দিন আগেই ফল ঘোষণা করতে পারায় সন্তোষ প্রকাশ করেন নাহিদ। “পরীক্ষার মধ্যে বিরোধীদলের পাঁচ দিনের হরতালে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হয়েছে। পরীক্ষার্থীরাও একটি জটিল সময় পার করেছে।” এবার মানবিকের শিক্ষার্থীরা আগের তুলনায় ভালো ফল করেছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শহর ও গ্রামের শিক্ষার মধ্যে বৈষম্য দিন দিন কমে আসছে। গ্রামের বেশিরভাগ শিক্ষার্থীই মানবিকে পড়াশোনা করে। এবার মঙ্গা অঞ্চল, হাওড় ও পাহাড়ী অঞ্চলে শিক্ষার্থী পাসের হার সন্তোষজনক বলেও উল্লেখ করেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২৩৩ ঘ.

এ সম্পর্কিত আরো খবর



• এক নজরে ফলাফল

• উচ্চ শিক্ষায় আসনের অভাব হবে না: মন্ত্রী

• শিক্ষা পদ্ধতি পরিবর্তনের ফল মিলছে: প্রধানমন্ত্রী

• পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যাও

• কারিগরিতে পূর্ণ জিপিএ বেড়েছে তিনগুণ

• মাদ্রাসা বোর্ডে সেরা তামিরুল মিল্লাত

• সাধারণ বোর্ডের ৭টিতে শীর্ষে ক্যাডেট

• বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৪.৪১

• ১২টি ক্যাডেটে শতভাগ পাস

• কেউ পাস করেনি ২৪ শিক্ষা প্রতিষ্ঠানে

• সেরা দশের প্রথম ৪ কলেজই ঢাকা বোর্ডের

• কুমিল্লায় বেড়েছে পাসের হার ও পূর্ণ জিপিএ

• যশোরে পাসের হারে উন্নতি

• রাজশাহীতে কমেছে পাসের হার ও পূর্ণ জিপিএ

• দিনাজপুর বোর্ডে বেড়েছে পাসের হার

• পাসের হারে দেশসেরা সিলেট বোর্ড

• চট্টগ্রামে জিপিএ-৫ বেড়েছে দেড়গুণ

• পাসের হার বেড়েছে তিন পার্বত্য জেলায়

• আইনজীবী হতে চান জুঁই

• সেই আংগুরা: এবারও জিপিএ ৫