কুমিল্লা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হারের সঙ্গে বেড়েছে পূর্ণাঙ্গ জিপিএ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। এ বোর্ড থেকে পাস করেছে ৭৪ দশমিক ৬০ শতাংশ শিক্ষার্থী, যাদের দুই হাজার ১৫০ জন পেয়েছে জিপিএ-৫।
বুধবার কুমিল্লাসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। সামগ্রিক ফলাফলে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ সন্তোষ প্রকাশ করেছেন।
এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ৭৮ হাজার ৯২৮ জন পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করে ৫৮ হাজার ২১৯ জন। পাসের হার ৭৪ দশমিক ৬০। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ১৫০ জন।
এবার পাসের হার বেড়েছে গতবারের তুলনায় ৫ দশমিক ৯২ ভাগ। একই সঙ্গে জিপিএ-৫ এর সংখ্যা বেড়েছে ৭৬১টি।
বোর্ডের ফলাফলের চিত্রে দেখা যায়, তিনটি বিভাগের মধ্যে বিজ্ঞান বিভাগে ১১ হাজার ২০৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে আট হাজার ১৫ জন। পাসের হার ৭২ দশমিক ১৬। জিপিএ- ৫ পেয়েছে এক হাজার ৫১৫ জন।
মানবিকে ২৭ হাজার ৯৩৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ১৮ হাজার ৩৩৯ জন। পাসের হার ৬৬ দশমিক ৬৩। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন।
এ ছাড়া ব্যবসায় শিক্ষা শাখায় ৩৯ হাজার ৭৮২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩১ হাজার ৮৬৫ জন। পাসের হার ৮০ দশমিক ৮৬। জিপিএ-৫ পেয়েছে ৫৩৮ জন।
এ বছর বিজ্ঞানে মেয়েদের পাসের হার ৭৩ দশমিক ৫০, মানবিকে ৬৭ দশমিক ৪২ এবং ব্যবসায় শিক্ষা শাখায় ৮৩ দশমিক ১১।
কুমিল্লার সেরা ২০ কলেজ
কুমিল্লা বোর্ডের শীর্ষ ২০ কলেজ হচ্ছে - ফেনী গালর্স ক্যাডেট কলেজ, কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা সেনানিবাস এলাকার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, চাঁদপুরের আল-আমিন একাডেমি, বুড়িচং উপজেলার সোনার বাংলা কলেজ, হাজীগঞ্জ মডেল কলেজ, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, কুমিল্লা মহানগরীর ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ, ফেনী সরকারি কলেজ, নোয়াখালী সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মজিদ কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণপাড়া উপজেলার মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজ, বুড়িচং উপজেলার কালিকাপুর আবদুল মতিন খসরু কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, কুমিল্লা কমার্স কলেজ, লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজ।
গত বছর এ জেলা থেকে আটটি কলেজ শীর্ষ স্থানে ছিলো।
ছয় কলেজে শতভাগ পাস
কুমিল্লা শিক্ষাবোর্ডের ২৯৫ টি কলেজের মধ্যে ছয়টি কলেজের সব শিক্ষার্থী পাস করেছে। ২০১১ সালে এ বোর্ড থেকে সাতটি, ২০১০ সালে পাঁচটি, ২০০৯ সালে তিনটি, ২০০৮ সালে চারটি, ২০০৭ সালে একটি এবং ২০০৬ সালে চারটি কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাস করে।
বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, “এইচএসসি পরীক্ষার সময় বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি থাকায় শিক্ষার্থীরা রুটিন মতো পরীক্ষা দিতে গিয়ে হিমশিম খায়। তারপরও বোর্ডের ফলাফল ভালো হয়েছে।”
চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন। পাসের হার সবচেয়ে এগিয়ে সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।
এ বছর ১ এপ্রিল থেকে ৬ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৬ ঘ.
bdnews24