ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি পরীক্ষায় বিদেশের পাঁচটি কেন্দ্রর ৯৪ দশমিক ৪১ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
১৭৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ১৬৯ জন, যাদের ৩২ জন পেয়েছেন জিপিএ-৫।
এর মধ্যে কাতারের বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজের ৩০ শিক্ষার্থীর সবাই পাস করেছে। আবুধাবীর শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে ৩৬ জনের ৩৪ জন এবং জেদ্দার বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫৮ জনের মধ্যে ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন।
এছাড়া রিয়াদের বাংলাদেশ ইন্টান্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫২ জনের মধ্যে ৪৮ জন পাস করেছে।
তবে ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩ শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি।
চলতি বছর উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৭৮ দশমিক ৬৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬১ হাজার ১৬২ জন।
এবার পাসের হার সবচেয়ে এগিয়ে সিলেট বোর্ডে, ৮৫ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়া ঢাকা বোর্ডে ৮১ দশমিক ৮৯ শতাংশ, চট্টগ্রামে ৭২ দশমিক ২৯ শতাংশ, বরিশালে ৬৬ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৭৪ দশমিক ৫৬ শতাংশ, যশোরে ৬৭ দশমিক ৮৭ শতাংশ, দিনাজপুরে ৭৫ দশমিক ৪১ শতাংশ এবং রাজশাহী ৭৮ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মাদ্রাসা বোর্ডে এবার পাসের হার ৯১ দশমিক ৭৭ শতাংশ। আর কারিগরি বোর্ডে পাস করেছে ৮৪ দশমিক ৩২ শতাংশ শিক্ষার্থী।
এ বছর ১ এপ্রিল থেকে ৬ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৮৪৫ ঘ.
bdnews24