চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে দেড়গুণেরও বেশি।
চট্টগ্রাম বোর্ডে এবারে এবারে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে তিন হাজার ১৪৫ জন, যা গতবারের চেয়ে এক হাজার ৩৪৩ জন বেশি। গতবার এ সংখ্যা ছিল এক হাজার ৮০২ জন।
চট্টগ্রাম বোর্ডের ৭২ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যা গতবারের চেয়ে এক দশমিক ২৬ শতাংশ পয়েন্ট বেশি। গতবারে এ হার ছিল ৭১ দশমিক ০৩ শতাংশ।
বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পিযুষ দত্ত।
ফলাফলে সন্তোষ প্রকাশ করে এসময় তিনি সাংবাদিকদের বলেন, “চট্টগ্রাম বোর্ড ভালো ফলাফলের ধারা অব্যহত রেখেছে। শিক্ষা মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপের প্রতিফলন যথার্থভাবে হয়েছে।”
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ৫৪ হাজার ৫৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৩৯ হাজার ১১ জন। এদের মধ্যে ছাত্র ১৯ হাজার ৯১৭ জন এবং ছাত্রী ১৯ হাজার ৯৪ জন।
মেয়েদের পাশের হার ৭৩ দশমিক ২৮ শতাংশ। ছেলেদের পাশের হার ৭১ দশমিক ৩৬ শতাংশ।
এক হাজার ৫৫৮ জন ছাত্র এবং এক হাজার ৫৮৭ জন ছাত্রী জিপিএ ৫ পেয়েছেন।
পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগ ৭৬ দশমিক ৯৪ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৬০ দশমিক ৫১ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা থেকে ৭৭ দশমিক ৮৮ শতাংশ উত্তীর্ণ হয়েছে।
এবারে চট্টগ্রাম মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাশের হার ৮১ দশমিক ৬১ শতাংশ। মহানগরীর বাইরে পাশের হার ৬৬ দশমিক ৫৭ শতাংশ।
সামগ্রিক ফলাফলে চট্টগ্রাম বোর্ডে এবারও সেরা হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। চারটি মানদণ্ডে ৮৭ দশমিক ৭৭ পয়েন্ট নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানটি সেরা হয়েছে। এ তালিকায় ৮৫ দশমিক ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে চট্টগ্রাম সরকারি কলেজ।
৮২ দশমিক ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সরকারি কমার্স কলেজ।
এবার চট্টগ্রাম বোর্ডে পাঁচটি কলেজের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে। গতবার শতভাগ সাফল্য পাওয়া কলেজের সংখ্যা ছিল সাতটি।
এবার চট্টগ্রাম বোর্ডে এমন কোনো কলেজ নেই যেখান থেকে কোনো শিক্ষার্থী পাশ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৪৩৯ ঘ.
bdnews24