২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক আনা হবে: বুয়েট উপাচার্য

অন্যদিকে উপাচার্যের অপসারণের দাবি আদায়ের মধ্য দিয়ে বুয়েটে ‘ইতিহাস’ সৃষ্টি করা হবে বলে মন্তব্য করেছেন আন্দোলনরত এক শিক্ষক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2012, 09:40 AM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনরত শিক্ষকরা পদত্যাগ করলে প্রয়োজনে ‘বাইরে থেকে’ শিক্ষক এনে ক্লাশ নেওয়ার কথা ভাবা হবে বলে মন্তব্য করেছেন বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম। মঙ্গলবার নিজের বাসায় তিনি সাংবাদিকদের বলেন, “পদত্যাগপত্র গ্রহণ করা হবে না। কেউ পদত্যাগ করছে বললেই বা পদত্যাগপত্র জমা দিলেই পদত্যাগ হয়ে যাবে ব্যাপারটি তেমন নয়। সিন্ডিকেটই সিদ্ধান্ত নেবে, কার পদত্যাগপত্র গ্রহণ করা হবে, কারটা হবে না।” “আর পদত্যাগপত্র যদি গ্রহণ করাই হয়, তখন সিন্ডিকেটই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। প্রয়োজনে বাইরে থেকে শিক্ষক আনা হবে কি না- তাও চিন্ত ভাবনা করা হবে।” এদিকে উপাচার্য, উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও অবস্থান কর্মসূচি পালন করেছে বুয়েটের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী, সকাল ১১টা থেকে দুই ঘণ্টা বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে তারা এই কর্মসূচি পালন করেন। সমিতির কোষাধ্যক্ষ আতাউর রহমান অবস্থান কর্মসূচিতে বলেন, “এখন সময় এসেছে উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগ করার। এর কোনো বিকল্প নেই। উপাচার্য ও উপ উপাচার্য পদত্যাগ করলে বুয়েটে একটি ‘ইতিহাস’ সৃষ্টি হবে মন্তব্য করে তিনি বলেন, অন্যায় করে যে বুয়েটে পার পাওয়া যায় না- তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।” শিক্ষক-শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের ফলে সৃষ্টি অচলাবস্থার নিরসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সোমবার বুয়েটের সাবেক উপাচার্য ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নেন। পরে তিনি জানান, বৈঠকে পাওয়া মতামত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জানিয়ে সঙ্কট নিরসনের পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষামন্ত্রীর ওই বৈঠকের পর বুয়েট শিক্ষক সমিতি ঘোষণা দেয়, রোববারের মধ্যে দাবি পূরণ না হলে তারা গণপদত্যাগ করবেন। এর আগ পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচির বদলে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয় সমিতির বৈঠকে। শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম রোজা ও ঈদের ছুটি এক মাস এগিয়ে আনলে গত বুধবার থেকে এই লাগাতার কর্মসূচি শুরু করে শিক্ষক-শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংশি¬ষ্ট বিভিন্ন পদে থাকা ২৪ শিক্ষক ওইদিন একযোগে পদত্যাগ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্য নজরুল ইসলামকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও আন্দোলনরত শিক্ষকরা সাফ জানিয়ে দেন, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী ছাড়া আর কারো সঙ্গে বসতে তারা রাজি নন। এ প্রসঙ্গ টেনে উপাচার্য এস এম নজরুল ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ওই ২৪ জন শিক্ষকের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি। তারা পদত্যাগের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন এবং প্রশাসনকে জিম্মি করছেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/জেকে/১৫৩৫ ঘ.