ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুয়েট সিন্ডিকেট উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
ক্যাম্পাসে চলমান ‘লাগাতার অবস্থান ধর্মঘটের’ দ্বিতীয় দিন বৃহস্পতিবার বুয়েটের প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, “উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও যোগ দিয়েছেন। এই অবস্থায় তার অপসারণের জন্য বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।”
“আর তদন্ত যদি হয়ও, তা হতে হবে তারা পদ থেকে সরে যাওয়ার পর। কেননা উপাচার্য ও সহ-উপাচার্যই নিজেরা তদন্তের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে তা সিন্ডিকেটকে জানিয়েছেন”, যোগ করেন এই শিক্ষক নেতা।
উপাচার্য নজরুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমানের পদত্যাগ দাবিতে শিক্ষকদের লাগাতার আন্দোলনের মুখে বুয়েট কর্তৃপক্ষ মঙ্গলবার হঠাৎ করে রোজা ও ঈদের আগাম ছুটি ঘোষণা করায় পরদিন থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট ক্যা¤পাস।
বুধবার ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের এক প্রতিবাদ সমাবেশ থেকে লাগাতার অবস্থান ধর্মঘট শুরুর ঘোষণা দেন শিক্ষ সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান। এ দাবিতে একযোগে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে থাকা ২৪ জন শিক্ষক।
এই আন্দোলনের মুখে বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলাম বুধবার বলেন, কেবল রাষ্ট্রপতি চাইলেই তিনি পদত্যাগ করবেন।
রাতে সিন্ডিকেট সভায় উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত করার জন্য সরকারের কাছে সুপারিশ করার সিদ্ধান্ত হলেও আন্দোলনরতরা তাদের দাবিতে অনঢ় থাকেন।
লাগাতার কর্মসূচির দ্বিতীয় দিনে বৃহস্পতিবার সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট শুরু হয়। বৃষ্টি থেকে বাঁচতে শামিয়ানা টাঙিয়ে তার নিচে চলতে থাকে বক্তৃতা, প্রতিবাদী গান ও আবৃত্তি।
উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বুয়েটের শিক্ষক সমিতি এর আগে গত ৭ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেন। এরপর প্রধানমন্ত্রী শিক্ষকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে সমিতি আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে।
তবে দাবি পূরণ না হওয়ায় গত ৭ জুলাই থেকে প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা কর্মবিরতি পালন করছিলেন শিক্ষকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪০০ ঘ.
bdnews24