২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য আয়োজনে ঢাবির ৯১ বছর উদযাপন

১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 06:05 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা আয়োজনে উৎসব মুখর পরিবশের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস। রোববার ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যায়ের ৯১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯২১ সালের এই দিনে যাত্রা শুরু করে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত এই বিশ^বিদ্যালয়। প্রতিবারের ন্যায় এবারও দিবসটি স্মরণে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবারের দিবসটির প্রতিপাদ্য ধরা হয়েছে ‘নারীর ক্ষমতায়নে উচ্চশিক্ষা’ । রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের মল চত্ত্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে এবং কেক কেটে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক সহিদ আকতার হুসাইন (প্রশাসন), অধ্যাপক নাসরিন আহমাদ (শিক্ষা), কোষাধ্যজ্ঞ অধ্যাপক কামাল উদ্দিন, রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এর আগে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা শোভাযাত্রা বের হয়ে প্রশাসনিক ভবন সংলগ্ন মল চত্ত্বরে এসে জমায়েত হয়। সেখান থেকে উপাচার্যের নেতত্বে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে টিএসসি এসে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে এখন বিরাজ করছে একটি উৎসব মুখর পরিবেশ। টিএসসি, কলা ভবন, কার্জন হল, প্রশাসনিক ভবনসহ হলগুলোতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও দিবসটিকে সামনে রেখে আলোচনাসভা, স্মৃতিচারণ, প্রদর্শনী, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত সব আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে দেশের সবচেয়ে পুরোনো এ বিশ্ববিদ্যালয়টি। এছাড়া নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের সর্বোচ্চ এ বিদ্যাপীঠ। স্বাধীনতার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় অর্ডার-১৯৭৩ অনুযায়ী পরিচালিত হয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এসইউ/১১৫৭ ঘ.