ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন অনিয়মের অভিযোগে উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে এবার ক্যাম্পাসে মৌন মিছিল করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক সমিতি এ কর্মসূচি পালন করে।
মৌন মিছিল শেষে ক্যাম্পাস শহীদ মিনারে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, “বুয়েটের শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে এবং শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের (উপাচার্য ও উপ-উপাচার্য) পদত্যাগ করা উচিত।”
৩০ জুনের মধ্যে পদত্যাগ না করলে সমিতির সাধারণ সভার মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলন জোরদার করা হবে বলে জানান তিনি।
উপাচার্য অধ্যাপক এস এম নজরুল ইসলাম ও উপ-উপাচার্য এম হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে এর আগে তিনবার কর্মবিরতিসহ নানা কর্মসূচি পালন করেছিল শিক্ষক সমিতি।
এছাড়া পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষক সমিতির কর্মসূচি হিসেবে প্রতি সপ্তাহে একদিন মানববন্ধন, মৌনমিছিল বা অবস্থান কর্মসূচি পালনের ঘোষানা দেন শিক্ষক সমিতির সভাপতি।
গত ৭ এপ্রিল থেকে বুয়েটের শিক্ষক সমিতি উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ৫ মে পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
পরে প্রধানমন্ত্রী শিক্ষকদের ডেকে তাদের দাবি বিবেচনা করবেন এমন আশ্বাস দিলে শিক্ষক সমিতি তাদের আন্দোলন এক মাসের জন্য স্থগিত করে।
এক মাসের বেশি সময় পরও সমিতির দাবি পূর্ণ না হওয়ায় আবার এই আন্দোলনে নেমেছে বলে জানান শিক্ষকরা।
মৌন মিছিলে অন্যদের মধ্যে বুয়েট শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক মাকসুদ হেলালী, সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম, যুগ্ম সম্পাদক গোলাম জাকারিয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক আতাউর রহমানসহ প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেয়।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫৩৫ ঘ.
bdnews24