ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাজেটের ২০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় সমিতির সভাপতি সি এস শফি সামী বলেন, “শিক্ষায় বাজেট বরাদ্দ বাড়াতে হবে। জাতীয় বাজেটের ২০ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দেওয়া উচিত।”
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ১১ দশমিক ৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।
উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের দেশের বাইরে যাওয়ার হার কমছে উল্লেখ করে শফি সামী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় এ ক্ষেত্রে ভূমিকা রাখছে, মেধা পাচারও বন্ধ হচ্ছে।
“শুধুমাত্র সরকার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), শিক্ষা মন্ত্রণালয় ও পুলিশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সুশাসন নিশ্চিত করবে- তা ভাবা ঠিক নয়। নিজেদের স্বার্থেই বিশ্ববিদ্যালয়গুলোতে সুশাসন নিশ্চিত করা উচিত” যোগ করেন তিনি।
বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিচালনায় সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দূর্নীতিমুক্ত করার আহ্বান জানান শফি সামী।
উচ্চ শিক্ষায় সরকারি-বেসরকারি অংশিদারিত্ব বাড়ানোর তাগিদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রিটেশনের (আইবিএ) অধ্যাপক একেএম সাইফুল মজিদ বলেন, উচ্চ শিক্ষার মান বাড়াতে হলে বাজেটেও বরাদ্দ বাড়াতে হবে।
সমিতির সহ-সভাপতি আবুল কাশেম হায়দার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাড়ি ভাড়ার ওপর থেকে নয় শতাংশ ট্যাক্স এবং আগেই ধার্যকৃত টিউশন ফির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারে সরকারকে অনুরোধ জানান।
গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জাফরুল্লাহ চৌধুরী বলেন, “যারা বাজেট দিচ্ছেন তারা যদি সৎ না হন তাহলে অন্যকেও তারা সৎ করতে পারবেন না।”
২০১২-১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির আলোচনা সভায় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/১৫৫২ ঘ.
bdnews24