ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগপ্রাপ্ত নতুন দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ কাজে যোগ দিয়েছেন।
শনিবার সকালে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নাসরীন আহমাদ এবং মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক সহিদ আকতার হুসাইন সাবেক উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদের কাছ থেকে তাদের দায়িত্ব বুঝে নেন।
এবারই প্রথম মতো বাংলাদেশের সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয়ে দুজন উপ-উপাচার্য একসঙ্গে দায়িত্ব পালন করবেন।
নাসরিন ও সহিদ দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের সঙ্গে যুক্ত। সহিদ আকতার এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
এছাড়া কোষাধ্যক্ষ পদে দায়িত্ব নিয়েছেন ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মো. কামালউদ্দিন। তিনি সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক মীজানুর রহমানেরর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
দায়িত্ব গ্রহণ করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা তিনজনকে অভিনন্দন জানান।
গত ০৫ জুন অধ্যাপক হারুন-অর রশিদের আকষ্মিক পদত্যাগের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নাসরিন ও সহিদকে মনোনীত করে সরকার।
একই দিন কোষাধ্যক্ষ মীজানুর রহমানও পদত্যাগ করায় কামালউদ্দিনকে তার স্থলে নিয়োগ দেন রাষ্ট্রপতি। কামালউদ্দিন নীল দলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৪ ঘ.
bdnews24