ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স শিক্ষাক্রম প্রবিধান বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে রাজধানীর তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
রোববার সকালে তারা সাতরাস্তা এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে এবং ৪/৫টি গাড়ি ভাংচুর করে।
প্রতক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে প্রায় অর্ধশত শিক্ষার্থী মিছিল করে ক্যাম্পাস থেকে বের হয় এবং সাতরাস্তা মোড়ে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এর আগে তারা চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট ছুড়লে ৪/৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এ সময় প্রায় আধা ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
অবশ্য শিল্পাঞ্চল থানার ওসি ফারুক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, শিক্ষার্থীরা মিছিল করে সড়ক প্রদক্ষিণ শেষে নিজেরাই ক্যাম্পাসে ফিরে গেছে।
ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে অবনমন করা হয়েছে- এমন অভিযোগে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ করছে।
তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই খবর সঠিক নয়।
শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী রোববার সাংবাদিকদের বলেন, “পদাবনতি বা পদমর্যাদা নামিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। এরপরও কেন বিশঙ্খলা ঘটছে, কেউ এর পেছনে কোনো ইন্ধন দিচ্ছে কি না- তা খতিয়ে দেখা হবে।”
বিক্ষোভ ও বিশৃঙ্খলার ঘটনায় ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া এসব শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজতে আলাদা কমিটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/১৬০০ ঘ.
bdnews24