ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনে চাপের মধ্যে থাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির আচার্য রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বৈঠকে বসেছেন।
রাষ্ট্রপতির প্রেসসচিব এ কে এম নেছারউদ্দিন ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকাল ৫টায় বঙ্গভবনে যান শরীফ এনামুল কবির।
বিকাল ৫টা ৫৫ মিনিটেও বৈঠক চলছিল বলে উপপ্রেসচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
নিয়োগে অনিয়ম এবং এক ছাত্রলীগকর্মী নিহত হওয়ার জন্য শরীফ এনামুল কবিরকে দায়ী করে আন্দোলনকারী শিক্ষকরা পক্ষকাল আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তার আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেন।
এরপর আন্দোলনরত শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি প্রত্যাহার করে এবং এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি শুরু হয়।
সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছে, শরীফ এনামুল কবির আর জাহাঙ্গীরনগরের উপাচার্য পদে থাকছেন না।
সূত্র জানায়, অধ্যাপক কবিরকে পদত্যাগ করতে বলবেন রাষ্ট্রপতি। এরপর নতুন উপাচার্য নিয়োগ হবে।
রাষ্ট্রপতির কাছে উপাচার্য পদত্যাগপত্র দিয়েছেন কি না-জানতে চাইলে উপ প্রেসসচিব বলেন, “তা তো এখন বলতে পারছি না। মিটিং চলছে, কিছুক্ষণের মধ্যে জানাব।”
উপাচার্যের পদত্যাগ দাবিতে এক মাসের বেশি সময় ধরে কার্যত অচল এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে গত ৩ মে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপাচার্যকেও ডেকে পাঠান।
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর অধ্যাপক কবির সাংবাদিকদের বলেছিলেন, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর যে সিদ্ধান্ত দেবেন, তাই মেনে নেবেন তিনি।
সম্প্রতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জাহাঙ্গীরনগরের উপাচার্যের বিষয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন এরপর সিদ্ধান্ত হবে।
বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে সাভারে দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ পান শরীফ এনামুল কবির।
উপাচার্য হিসেবে প্রায় তিন বছরেরও বেশি সময় দায়িত্ব পালনকালে শিক্ষক নিয়োগে অনিয়ম, ছাত্রলীগের ‘একটি অঞ্চলভিত্তিক’ অংশকে মদদ, বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধার অভিযোগ ওঠে অধ্যাপক কবিরের বিরুদ্ধে।
এছাড়া প্রাকৃতিক সম্পদের বাণিজ্যিকীকরণ, ক্যাম্পাসে সৌন্দর্য বাড়ানোর নামে গাছ কাটা নিয়েও সমালোচনায় পড়েন তিনি।
তবে তার বিরুদ্ধে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে এই বছরের শুরুতে, তার মদদপুষ্ট ছাত্রলীগ নেতাদের হামলায় সংগঠনটির অন্য অংশের কর্মী ও ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হলে।
গত ৯ জানুয়ারি জুবায়ের খুন হওয়ার পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল হয়ে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম।
ওই ঘটনায় প্রশাসনের ভূমিকা এবং প্রায় ২০০ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আন্দোলন চালাতে থাকে শিক্ষক ও শিক্ষার্থীরা।
ধাপে ধাপে আন্দোলন চালানোর পর আন্দোলনরত শিক্ষকদের ফোরাম ‘শিক্ষক সমাজ’ গত ১৮ এপ্রিল উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে কর্মসূচি শুরু করে।
শিক্ষকদের আন্দোলনের এক পর্যায়ে সাংস্কৃতিক জোট নেতাদের ওপর ‘উপাচার্যপন্থী ছাত্রলীগ’ হামলা চালালে শিক্ষার্থীরাও শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে।
উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের অনশনের মধ্যেই প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়টিতে অচলাবস্থা নিরসনের উদ্যোগ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৮০২ ঘ.
bdnews24