২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাসার প্রতিযোগিতায় ব্র্যাকের ‘চন্দ্রবোট’

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ‘চন্দ্রবোট-২’ অংশ নিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা আয়োজিত অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশনে (এলএমসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:21 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ‘চন্দ্রবোট-২’ অংশ নিচ্ছে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা আয়োজিত অ্যানুয়াল লুনাবোটিকস মাইনিং কম্পিটিশনে (এলএমসি)। মঙ্গলবার বিকালে বিশ্বদ্যিালয়ের ইনডোর গেমস রুমে চন্দ্র অভিযানের উপযোগী বিশেষ রোবট ‘চন্দ্রবোট-২’ এর উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আইনুন নিশাথ। এলএমসি হলো নাসা আয়োজিত বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত বিষয়ের শিক্ষার্থীদের একটি বার্ষিক প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রথম তিনটি ধাপ পার হয়ে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে আগামী ২১ থেকে ২৬ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য এই আয়োজেনর চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ব্র্যাকের ৫ সদস্যের দল। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬ টি দল অংশ নেবে। বাংলাদেশ থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এই দলটিই প্রথমবারের মতো এরকম কোনো প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে। চন্দ্রবোট-২ এর উদ্বোধনকালে উপাচার্য আইনুন নিশাথ বলেন, “মহাকাশ নিয়ন্ত্রণ করা সম্ভব হলে ভূমিতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব। এ ভাবনা থেকেই মহাকাশ জয়ের জন্য আমেরিকা, রাশিয়ার মতো উন্নত রাষ্ট্রগুলো প্রথম থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিলো।” “আর তৃতীয় বিশ্বের একটি দেশ হয়েও আমাদের আজকের এই প্রচেষ্টা উন্নত বিশ্বের কাছে আমাদের উন্নত চিন্তার পরিচয় ঘটিয়ে দেবে,” বলেন তিনি। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দলটিকে স্পন্সর করছে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এএল/২১৫৫ ঘ.