২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির সাবেক ভিসি এরশাদুলকে গ্রেপ্তারে পরোয়ানা

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতির মামলায় সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত। বার বার তলব করার পরও আদালতে উপস্থিত না হওয়ায় মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এই পরোয়ানা জারির আদেশ দেন। এই মামলার অন্য নয় আসামি বর্তমানে জামিনে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ গত ৪ মার্চ একই আদালতে মামলাটি দায়ের করেন। আরজিতে তিনি বলেন, ২০০০ সালের আগস্ট মাসে তিনি এবং শওকত আরা হোসেন (ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বর্তমান চেয়ারপার্সন) মিলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র বইটি লেখেন। কিন্তু তাদের না জানিয়ে ২০০২, ২০০৫ ও ২০০৯ সালে বইটি পুনঃমুদ্রণ করা হয়- যাতে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে। বাদী আদালতকে জানান, পুণর্মুদ্রণে ওই বইয়ের মুক্তিযুদ্ধ বিষয়ক অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের সঙ্গে থাকা ‘জাতির জনক’ শব্দটি বাদ দেওয়া হয়। স্বাধীনতার ঘোষক হিসেবে বঙ্গবন্ধুর স্থানে জিয়াউর রহমানের নাম যুক্ত করা হয়। এ ছাড়া অসহযোগ আন্দোলন, মুজিবনগর সরকার এবং ৭ মার্চের ভাষণকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওই বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে গত ১ মার্চ অধ্যাপক হারুনসহ ছয়জনকে হাই কোর্টেও তলব করা হয়েছিল। হাইকোর্টের আদেশেই পরে মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা দায়ের করেন অধ্যাপক হারুন। মামলার আসামিদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আর আই এম আমিনুর রশিদ, অধ্যাপক এম ফরিদ আহমেদ, অধ্যাপক মো. রুহুল আমিন আকন্দ, ড. ফজলে আলী (পরিচালক প্রিন্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন), ড. আরশাদ আলী মাতব্বর (ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিবিএর বর্তমান চেয়ারম্যান), মো. আব্দুর রাহীম (সাবেক শৈলী সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বর্তমান অধ্যাপক), মো. কামাল উদ্দিন (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান শিক্ষক) এবং মো. কুতুবউদ্দিন (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক) গত ৫ এপ্রিল কামরুন্নাহার রুমির আদালতে হাজির হয়ে জামিন নেন। মামলার অপর আসামি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আনছারুজ্জামান আগেই উচ্চ আদালত থেকে জামিনে পেয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/আরএ/জেকে/১৫০৫ ঘ.