২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ছে হাসিমুখের শিক্ষার্থী

মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ধারাবাহিকভাবে বেড়েছে পাসের হার। চলতি বছরে গড় পাসের হার ৪ দশমিক ০৬ শতাংশ বাড়লেও চার বছরের হিসেবে বৃদ্ধির হার ১৫ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2012, 01:39 PM

Updated : 24 Aug 2022, 11:18 AM

শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ধারাবাহিকভাবে বেড়েছে পাসের হার। চলতি বছরে গড় পাসের হার ৪ দশমিক ০৬ শতাংশ বাড়লেও চার বছরের হিসেবে বৃদ্ধির হার ১৫ দশমিক ৪৮ শতাংশ পয়েন্ট। তবে কমেছে কারিগরি বোর্ডে উত্তীর্ণের হার। অন্যদিকে পাসের হারে রেকর্ড গড়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। সোমবার ফল ঘোষণা করে সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষার মান ও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা বৃদ্ধি পাওয়ায় সব সূচকেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। এবার সব বোর্ড মিলিয়ে গড়ে ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে ৮২ হাজার ২১২ জন অর্জন করেছে পূর্ণাঙ্গ জিপিএ। গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮২ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সে হিসাবে এবার পাসের হার বেড়েছে ৪ দশমিক ০৬ শতাংশ। ফল পর্যালোচনা করে দেখা যায়, ২০০৯ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ৭০ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ২০১০ সালে উত্তীর্ণ হয় ৭৯ দশমিক ৯৮ শতাংশ। চার বছরের ফল বিশ্লেষণে দেখা যায়, শিক্ষার্থী পাসের হার বেড়েছে ১৫ দশমিক ৪৮ শতাংশ। তবে কারিগরি বোর্ডে পাসের হার দিন দিন কমছে। ২০১০ সালে কারিগরি বোর্ডে ৮২ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী পাস করলেও গত বছর পাসের হার এক দশমিক ৩৫ শতাংশ কমে দাঁড়ায় ৮১ দশমিক ৩৭ শতাংশ। আর এবার পাসের হার গতবারের চেয়ে শূন্য দশমিক ৬৮ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ শতাংশ হয়েছে। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাস করেছে। এবার এ বোর্ডে পাসের হার ৮৮ দশমিক ৪৭ শতাংশ। ২০০৮ সালে মাদ্রাসা বোর্ডে ৮২ দশমিক ০৬ শতাংশ, ২০০৯ সালে ৮৫ দশমিক ৮৫ শতাংশ, ২০১০ সালে ৮৬ দশমিক ৭০ শতাংশ এবং ২০১১ সালে ৮৩ দশমিক ২৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। ছেলেরা এগিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। এসএসসিতে ৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে ৪ লাখ ৫৩ হাজার ১৪৬ জন পাস করেছে, পাসের হার ৮৭ দশমিক ৩৯ শতাংশ। অন্যদিকে ৫ লাখ ২৯ হাজার ৬১০ জন ছাত্রী এসএসসিতে অংশ নিয়ে পাস করেছে ৪ লাখ ৫১ হাজার ৬১০ জন, পাসের হার ৮৫ দশমিক ২৭ শতাংশ। এবার ছাত্রদের চেয়ে ১১ হাজার ৭৬ জন ছাত্রী বেশি অংশ নিলেও ২ দশমিক ১২ শতাংশ ছাত্র বেশি পাস করেছে। প্রায় ৬ শতাংশের পূর্ণাঙ্গ জিপিএ এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পূর্ণাঙ্গ জিপিএ অর্জন করেছে ৮২ হাজার ২১২ জন। এরমধ্যে ৪৮ হাজার ৯১৫ জন ছাত্র ও ৩৩ হাজার ২৯৭ জন ছাত্রী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তদের হার ৫ দশমিক ৮২ শতাংশ। এ ছাড়া কারিগরি বোর্ডে ৩ হাজার ৫২৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, যা উত্তীর্ণ শিক্ষার্থীদের ৩ দশমিক ৮৭ শতাংশ। মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৪৩৬ শিক্ষার্থী, এ প্রাপ্তির হার পাসের ৪ দশমিক ৯২ শতাংশ। বিজ্ঞানে ৯৪ শতাংশ পূর্ণাঙ্গ জিপিএ আটটি শিক্ষা বোর্ডে এসএসসিতে ৬৫ হাজার ২৫২ জন জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫২ হাজার ২৭৭ জনই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, যা এসএসসিতে মোট জিপিএ-৫ প্রাপ্তির হারের ৯৪ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে এসএসসিতে মানবিকে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩০৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৫ হাজার ৮২৪ জন জিপিএ-৫ পেয়েছে। ২৭.৮১% পেয়েছে ‘এ’ গ্রেড ফল পর্যালোচনা করে দেখা যায়, উত্তীর্ণ ১২ লাখ ১৯ হাজার ৮৯৪ শিক্ষার্থীদের মধ্যে ৩ লাখ ৯২ হাজার ৭৬৬ জন শিক্ষার্থী এ-গ্রেড পেয়েছে, যা মোট উত্তীর্ণ শিক্ষার্থীর ২৭ দশমিক ৮১ শতাংশ। এ মাইনাস গ্রেড অর্জন করেছে ১৮ দশমিক ৭২ শতাংশ, বি-গ্রেড পেয়েছে ১৬ দশমিক ৮৭ শতাংশ, ১৬ দশমিক ০৭ শতাংশ সি-গ্রেড এবং ১ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী ডি-গ্রেড অর্জন করেছে। পাসের হারে শীর্ষে সিলেট এসএসসি ও সমমানের পরীক্ষায় এবছর পাসের হারে সবচেয়ে এগিয়ে সিলেট শিক্ষা বোর্ড। এ বোর্ড থেকে ৯১ শতাংশ ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার ঢাকা বোর্ডে ৮৫ দশমিক ৯৫ শতাংশ, রাজশাহীতে ৮৮ দশমিক ৩৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৭৮ দশমিক ৯৬ শতাংশ, কুমিল্লায় ৮৫ দশমিক ৬৪ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৬ শতাংশ, যশোরে ৮৭ দশমিক ১৬ শতাংশ ও দিনাজপুরে ৮৭ দশমি ১৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। আর সারা দেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৮৮ দশমিক ৪৭ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৮০ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী এবার উত্তীর্ণ হয়েছে। শিক্ষামন্ত্রী সকালে এই ফলাফলের অনুলিপি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এ সময় শিক্ষা সচিব এবং শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা তার সঙ্গে ছিলেন। সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, শিক্ষার মান ও শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা দিন দিন বাড়ছে। ইংরেজি, গণিত, পদার্থ ও রসায়ন বিজ্ঞানে পাসের হার আগের তুলনায় অনেক ভালো হওয়ায় সার্বিক পাসের হার বেড়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “ফলাফলে সব সূচকেই ইতিবাচক পরিবর্তন এসেছে। সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীরা পড়াশোনা করে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে। সার্বিক ফলাফলেও এর প্রভাব পড়ছে।” এবার বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত ছাড়া ২১টি বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা হয়। ২০১০ সাল থেকে এসএসসিতে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা নেওয়া শুরু করে বোর্ডগুলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৯৩৯ ঘ.