ঢাকা, মে ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আট শিক্ষা বোর্ডের মধ্যে সেরা দশে স্থান করে নিয়েছে ঢাকার সাতটিসহ মোট ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান।
এর বাইরে কুমিল্লা বোর্ডের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা জিলা স্কুল পঞ্চম, রাজশাহীর বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ষষ্ঠ ও দিনাজপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সপ্তম স্থানে রয়েছে।
এবার ৯৭ দশমিক ১৯ পয়েন্ট নিয়ে ঢাকার রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রথমস্থান দখল করেছে। গতবারও ৯৫ দশমিক ৬৬ পয়েন্ট নিয়ে দেশসেরা ছিল এ শিক্ষা প্রতিষ্ঠান।
দ্বিতীয় স্থানে ৯৫ দশমিক ৪২ পয়েন্ট পেয়ে ডেমরার শামসুল হক খান হাই স্কুল এবং মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ৯৫ দশমিক ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। গতবারও একই অবস্থানে ছিল স্কুলটি।
ভিকারুননিসা নূন স্কুল ও কলেজ ৯৩ দশমিক ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে, ৯১ দশমিক ৭৬ পয়েন্ট নিয়ে কুমিল্লা জিলা স্কুল পঞ্চম, বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ৯১ দশমিক ৪৭ পয়েন্ট পেয়ে ষষ্ঠ, দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৯১ দশমিক ২৩ পয়েন্ট পেয়ে সপ্তম ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ পেয়েছে পয়েন্ট ৯১ দশমিক ১২ পেয়ে অষ্টম স্থানে রয়েছে।
৯১ পয়েন্ট নিয়ে নবম স্থানে ঢাকা বোর্ডের মির্জাপুর ক্যাডেট কলেজের সঙ্গী হয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ, পাবনা ক্যাডেট কলেজ ও রংপুর ক্যাডেট কলেজ এবং কারিগরি বোর্ডের শীর্ষ প্রতিষ্ঠান এ কে খান ইউসেপ স্কুল।
এ ছাড়া ৯০ দশমিক ৯৮ পয়েন্ট পেয়ে দশম স্থানে রয়েছে ঢাকা বোর্ডের মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
সোমবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। এর আগে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ পুরো ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।
নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার, শতকরা পাসের হার, মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা ও প্রতিষ্ঠানের গড় জিপিএ- এই পাঁচটি সূচক মূল্যায়ন করে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/১৯০০ ঘ.
bdnews24