ঢাকা বিশ্ববিদ্যালয়, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সমুদ্র বিজ্ঞান’ নামে নতুন একটি বিভাগ চালু করা হচ্ছে।
সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানের দিনই বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় বলেছে, দেশের চাহিদার কথা বিবেচনা করে ‘আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস’ অনুষদের অধীনে শিগগিরই এ বিভাগের কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এর মধ্যে ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে এই বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত মাসে মিয়ানমারের সঙ্গে আইনি লড়াইয়ে জয়ের পর পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, সাগরের সম্পদ আহরণে এই বিষয়ে জ্ঞানার্জনে সমুদ্রবিজ্ঞান বিভাগ খুলতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে সুপারিশ করবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৯৪২ ঘ.
bdnews24