২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীর হামলায় ঢাবিছাত্র আহত

বাসে কথা কাটাকাটির জের ধরে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2012, 02:19 PM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাবি, এপ্রিল ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে কথা কাটাকাটির জের ধরে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে এই ঘটনায় আহত শিক্ষার্থীর পক্ষে তার এক সতীর্থ শাহবাগ থানায় মামলা করেছেন। এতে ইউল্যাব, স্ট্যামফোর্ড, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা ছাত্রদের আসামি করা হয়েছে। সহপাঠীকে মারধরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক দল শিক্ষার্থী বিকালে শাহবাগ মোড়ে অবস্থান নিলে পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে সাধারণ গাড়ি চলাচল বন্ধ করে দেয়। তবে উত্তেজনা প্রশমনের পর সন্ধ্যা ৬টার দিকে সড়ক খুলে দেওয়া হয়। আহত নাবিল শোয়েব নাবিল (১৮) ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার সহপাঠী তুহিন মিয়া। নাবিল মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র। তুহিন বলেন, “বাসের মধ্যে ইউল্যাব, স্ট্যামফোর্ড, নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের পাঁচ-ছয়জন ছাত্র নিজেদের মধ্যে কথা কাটাকাটি করছিল। তখন নাবিল তাদের থামতে বললে তারা ক্ষিপ্ত হয়ে নাবিলকে ব্যাপক মারধর করে।” তরঙ্গ পরিবহনের একটি বাসে নাবিলের সঙ্গে ধানমণ্ডি থেকে শাহবাগ আসছিলেন তুহিন। ঢাকা বিশ্বদ্যিালয়ের প্রক্টর আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই ঘটনার সঙ্গে জড়িত সেই সব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষার্থীকে প্রহারের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ছাত্র রুবেল বাদি হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২০১১ ঘ.