ঢাকা, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮ হাজার ৩১০ জন শিক্ষার্থী। এছাড়া বহিষ্কার হয়েছে ৭০ জন।
এইচএসসি পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ে স্থাপিত নিয়ন্ত্রণ কক্ষ থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় এই তথ্য জানানো হয়।
এর আগে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র পরীক্ষায় ১৬ হাজার ৮২০ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ৮৩ জনকে বহিষ্কার করা হয়।
এ নিয়ে তিনটি পরীক্ষায় মোট ২৫ হাজার ১৩০ শিক্ষার্থী অনুপস্থিত এবং ১৫৩ জনকে বহিষ্কার করা হল।
এবার দেশের ২ হাজার ১৯৬টি এবং বিদেশের চারটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন।
বৃহস্পতিবারের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য ঢাকা বোর্ডে ১৩ জন, কুমিল্লায় ১০, যশোরে আট, দিনাজপুরে ছয়, বরিশালে চার, রাজশাহীতে তিন এবং চট্টগ্রাম ও সিলেট বোর্ডে দুই জন করে শিক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
কারিগরি বোর্ডে বহিষ্কার করা হয়েছে ২২ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি।
ঢাকা বোর্ডে ২ হাজার ২৭০ জন, রাজশাহীতে ৮৪০, চট্টগ্রামে ৬২৮, কুমিল্লায় ৭৭৩, সিলেটে ৪১৫, বরিশালে ৩৭৯, দিনাজপুরে ৫৩২ এবং যশোর বোর্ডে ১ হাজার ১৮৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এছাড়া মাদ্রাসা বোর্ডে ৪৩৫ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৮৫৫ শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৩৭৩ জন বেশি। ২০১১ সালে পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৮৫ হাজার ২২৬ জন। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম)-এ ৮৬ হাজার ৪১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
এবার দেশের দুই হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও দেশের বাইরে দোহা, আবুধাবি, জেদ্দাসহ চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮৯ জন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি কেন্দ্রেও তিন জন পরীক্ষা দিচ্ছে।
আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়ে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২০০৮ ঘ.
bdnews24