চট্টগ্রাম, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষ এবং পরবর্তীতে শিবিরের টানা ১৭ দিনের ধর্মঘটের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে।
৫৬ দিন পর বৃহস্পতিবার সব বিভাগের নির্ধারিত সময়ে ক্লাস ও পরীক্ষা হয়। শাটল ট্রেনে দেখা যায় শিক্ষার্থীদের চির চেনা ভিড়। নির্দিষ্ট সময়ে শাটল ট্রেন নগরী থেকে ক্যাস্পাসে চলাচল করে।
ইসলামী ছাত্রশিবির গত ১৮ মার্চ থেকে ডাকা ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয় বুধবার। পরদিন ছাত্র-ছাত্রীদের পদচারণায় মুখরিত হয় ক্যাম্পাস।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের প্রধান প্রধান আড্ডার স্থানগুলো ছিল কোলাহলপূর্ণ। খাবারের দোকানগুলো ছিল জমজমাট। ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল লক্ষ্যণীয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ-দৌল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রশিবির ধর্মঘট তুলে নেওয়ায় আজ শিক্ষার্থীরা নির্ভয়ে ক্লাস ও পরীক্ষায় অংশ নিয়েছে। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে এসেছে।”
কোনো ধরনের ভয়-ভীতি বা আবাসিক হলে বৈধ শিক্ষার্থীদের অবস্থানেও কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।
এর আগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিলগালা করে রাখা আমানত হল খোলার সিদ্ধান্ত হয়। পরদিন হলে বৈধ শিক্ষার্থীদের তুলে দেয় প্রশাসন।
ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মো. আশিকুল্লাহ বলেন, প্রশাসন তাদের কিছু দাবি পূরণ ও বাকি দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করেছে।
গত ৮ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রশিবির সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হলে ৩৮ দিন বন্ধের পর গত ১৮ মার্চ খোলা হয়। খোলার প্রথম দিন থেকেই বিভিন্ন দাবিতে ক্যাম্পাসে ধর্মঘট করে শিবির।
গত সোমবার নগরীর ঝাউতলা রেলস্টেশনে শাটল ট্রেনে হামলা করে চালককে তুলে নিয়ে ছয় ঘণ্টা আটকে রাখে শিবিরকর্মীরা। ওই দিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের সাতটি বাসও বিকল করে দেয় তারা।
এছাড়া ধর্মঘট চালাকালীন সময়ে ছাত্রশিবিরকর্মীরা বিভিন্ন বিভাগে তালায় একাধিকবার সুপার গ্লু লাগানোর পাশাপাশি ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়ার জন্য মোবাইল ফোনে শিক্ষার্থীদের নানা হুমকি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২০৫৩ ঘ.
bdnews24