ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইচএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিন আট হাজার ৮০৮৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। বিভিন্ন বোর্ডে বহিষ্কার হয়েছে ৫০ জন।
এর আগে প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় আট হাজার ৭৩৪ জন শিক্ষার্থী অনুপস্থিত এবং ৩৩ জনকে বহিষ্কার করা হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়েছে।
এবার দেশের দুই হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও বিদেশের চারটি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে। এতে অংশ নিচ্ছে নয় লাখ ২৬ হাজার ৮১৪ জন শিক্ষার্থী।
মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা।
পরীক্ষায় ঢাকা বোর্ডে এক হাজার ৯৭৫ জন, রাজশাহীতে এক হাজার ৩৫৯, চট্টগ্রামে ৫৬৩, কুমিল্লায় ৫৪৩, সিলেটে ৩৭৮, বরিশালে ৩২৪, দিনাজপুরে ৭৩৪ এবং যশোর বোর্ডে ৯০৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ৪৪৩ জন এবং কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৮৬৮ শিক্ষার্থী।
নকলের দায়ে এদিন ঢাকা বোর্ডের তিন জন এবং কুমিল্লা ও বরিশাল বোর্ডের এক জন করে শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। কারিগরি বোর্ডে বহিষ্কার করা হয়েছে ৪০ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাঁচ শিক্ষার্থীকে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের তুলনায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৭ হাজার ৩৭৩ জন বেশি। ২০১১ সালে পরীক্ষার্থী ছিল সাত লাখ ৭৯ হাজার ৪৪১ জন।
এ বছর আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে সাত লাখ ৫০ হাজার ৮৫২ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ৮৫ হাজার ২২৬ জন। এ ছাড়া কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএম)-এ ৮৬ হাজার ৪১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
এবার দেশের দুই হাজার ১৯৬টি কেন্দ্র ছাড়াও দেশের বাইরে দোহা, আবুধাবি, জেদ্দাসহ চারটি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এসব পরীক্ষায় অংশ নিচ্ছে ১৮৯ জন। এছাড়া যুদ্ধবিধ্বস্ত লিবিয়ার রাজধানী ত্রিপোলি কেন্দ্রেও তিন জন পরীক্ষা দিচ্ছে।
আগামী ২০ মে লিখিত পরীক্ষা শেষ হয়ে ২৩ মে থেকে ৬ জুন পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/২২১৫ ঘ.
bdnews24