২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চবিতে বৈধরা হলে উঠতে পারছে না’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন পুলিশ দিয়ে বৈধ শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দিচ্ছে- এমন অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন- সাদা দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2012, 03:17 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

চট্টগ্রাম, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন পুলিশ দিয়ে বৈধ শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দিচ্ছে- এমন অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষক সংগঠন- সাদা দল। রোবাবর দুপুরে চবি বিজ্ঞান অনুষদের ডিন অফিসে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক কে এম গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। শিক্ষকরা অভিযোগ করেন, চবি প্রশাসন পুলিশ দিয়ে ক্যাম্পাসে নৈরাজ্য সৃষ্টি ও দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীদের হলে উঠতে বাধা দিচ্ছে। এ ছাড়া প্রশাসন সরকারদলীয় ছাত্র সংগঠনের হাতে হলের দায়িত্ব তুলে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করা হয়। বৈধ শিক্ষার্থীদের হলে অবস্থান নিশ্চিত করা না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তারা। পাশাপাশি দুই শিক্ষার্থীর হত্যায় জড়িতদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আনতে প্রশাসনের প্রতি সভায় আহ্বান জানানো হয়। অন্যদের মধ্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোজাফফর আহমদ চোধুরী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আ ন ম মুনির আহমদ প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৩ ঘ.