২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাউবির সাবেক উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

হাজির না হয়ে আদালতের আদেশ লঙ্ঘন করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2012, 02:12 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাজির না হয়ে আদালতের আদেশ লঙ্ঘন করায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করেছে হাই কোর্ট। সোমবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চের জারি করা রুলে জানতে চাওয়া হয়, কেন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে না। আগামী ১০ এপ্রিল আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এরশাদুলকে। ওই দিন তার উপস্থিতি নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। বিকৃত ইতিহাস উপস্থাপনের অভিযোগে ২০১০ সালে দায়ের করা এক রিটের শুনানির এক পর্যায়ে গত ১ মার্চ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই বইয়ের ৫ লেখককে তলব করে আদালত। এই পাঁচ লেখক হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ এবং একই বিশ্ববিদ্যালয়ের চার অধ্যাপক শওকত আরা হোসেন, সাবিহা সুলতানা, মাহফুজা চৌধুরী ও দেলোয়ার হোসেন। পরে ৫ মার্চ একই অভিযোগে উন্মক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এরশাদুল বারীকে তলব করে হাই কোর্ট। পরের দিন আদালত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরো ৩০ শিক্ষককে তলব করে। একইসঙ্গে এরশাদুল বারীসহ এক দল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করতে মৌখিকভাবে আদেশ দিয়েছিল আদালত। রাষ্ট্রদ্রোহের অভিযোগে এ সংক্রান্ত একটি অভিযোগ বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে গাজীপুরের জয়দেবপুর থানায় দাখিল করা হয়। রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা মামলাটি নিয়ম অনুযায়ী সরকারের সংশ্লিষ্ট বিভাগে অনুমতির জন্য পাঠানো হয়েছে। আদালতের রোববার দুই বইয়ের পাঁচ লেখকের পাশাপাশি তলবকৃত অন্যদের মধ্যে ২৯ জন শিক্ষক আদালতে হাজির হন। শেষোক্ত তলবকৃতদের মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভূগোলের সাবেক প্রভাষক এম দেলোয়ার আকবর থাকলেও তিনি আদালতে আসেননি। হাজির হওয়াদের মধ্যে দর্শনের সহযোগী অধ্যাপক ড. জোবেদা আক্তার ছাড়া বাকিদের মঙ্গলবার আবারো আসতে বলা হয়েছে। উপস্থিত ২৯ শিক্ষকের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. ফেরদৌস হাসান, অধ্যাপক দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক হাসানুজ্জামান চৌধুরী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মো. আব্দুল করিম। এছাড়া রয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের সাবেক ডিন অধ্যাপক আলিনুর রহমান, ওপেন স্কুলের সহকারী অধ্যাপক নাজনীন জাহান, সহযোগী অধ্যাপক ড. আরশাদ আলী মাতুব্বার, স্কুল অব বিজনেসের অধ্যাপক কাজী মোহাম্মদ গালিব আহসান, দর্শনের সহযোগী অধ্যাপক ড. জোবেদা আক্তার, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, এ বি এম খায়রুল ইসলাম, অধ্যাপক মো. আনসারুজ্জামান (অবসর নিয়েছেন), ড. মোহাম্মদ আব্দুর রহিম, প্রভাষক মোহাম্মদ কুতুব উদ্দিন। অন্য শিক্ষকরা হলেন- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মো. নাসিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল ইসলাম, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানা, গার্হস্থ্য অর্থনীতির সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিন, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আবু সায়েদ মো. রিপন, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, অনন্যা লাবনী, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজাহারুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাফসান মাহমুদ, কৃষি বিভাগের সহকারী অধ্যাপক শিরিন সুলতানা, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এস এম রেজাউল করিম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জাফর আহমেদ, অর্থনীতি বিভাগের প্রভাষক তাসরুন জাহান, মার্কেটিং বিভাগের প্রভাষক মাসুদ মো. পারভেজ, প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. কবির উদ্দিন। আদালতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক ফেরদৌস হাসান, হাসানুজ্জামান চৌধুরী ও দিল রওশন জিন্নাত আরা নাজনীনের পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। বাংলাদেশ বাংকের সাবেক গভর্নর ফরাস উদ্দিনও সোমবার হাজির হয়ে আদালতে বক্তব্য দেন। ড. হারুন-অর-রশিদ, অধ্যাপক শওকত আরা হোসেন, ড. জোবেদা আক্তার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান চান বক্তব্য দেন আদালতে। এছাড়া আদালতে উপস্থিত অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন বক্তব্য দেন। ফরাস উদ্দিন প্রতিবেদন উপস্থাপন করে বলেন, “ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সুপারিশ করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় আদালতে আসার আগ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।” “এমনকি ওই তদন্ত প্রতিবেদনে ড. হারুন-অর-রশিদ ও শওকত আরার কাছে ক্ষমা চেয়ে চিঠি দেওয়ার জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হলেও তারা তা করেনি।” উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিকৃতি নিয়ে ২০১০ সালে গঠিত একটি তদন্ত কমিটির প্রধান ছিলেন ফরাস উদ্দিন। তিনি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় আদালত বলে, “বিশ্বাসঘাতকদের কুটিল কার্যক্রম সব সময়ই ছিল। আমরা কাউকেই ছাড়বো না।” এ সময় এম কে রহমান বলেন, “ফরাস উদ্দিনের বক্তব্য পুরোপুরি সঠিক নয়।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২০০৬ ঘ.