ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দেড় হাজার শূন্য পদে নিয়োগের জন্য ৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে শুক্রবার।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দেশের ছয় বিভাগের ১৮টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ পরীক্ষা চলে।
এবার ঢাকায় ১০টি, রাজশাহীতে তিনটি, খুলনায় দুটি এবং চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে একটি করে কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। পিএসসি গত বছরের ১২ অক্টোবর এই বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এই বিশেষ বিসিএসের মাধ্যমে এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে। এর মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, মহিলা কোটায় ১৩০ জন এবং উপজাতি কোটায় ২০১ জন নিয়োগ পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১১২০ ঘ.
bdnews24