চট্টগ্রাম, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩ এপ্রিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিশেষ সমাবর্তন হচ্ছে না।
ওই সমাবর্তনে মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদকে ডি লিট ডিগ্রি দেওয়ার কথা ছিল।
তার সময়ের অপ্রতুলতার কারণে ওই দিন সমাবর্তন হচ্ছে না বলে বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন।
নতুন সময় বিষয়ে তিনি বলেন, “মাহাথির মোহাম্মদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে অবহিত করলে নতুন সময় নির্ধারণ করা হবে।”
গত ১২ ফেব্রুয়ারি চবি উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফের সভা কক্ষে ঢাকায় মালয়শিয়ার হাইকমিশনার দাতো জামালউদ্দিনের সাবেহ’র সঙ্গে বৈঠক হয়।
ওই বৈঠকে ৩ এপ্রিল বিশেষ সমাবর্তনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাহাথির মোহাম্মকে ডি লিট ডিগ্রি দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২১০৭ ঘ.
bdnews24