২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্য নিয়োগের দাবিতে চুয়েটে ক্লাস বর্জন

এক মাসেও উপাচার্য নিয়োগ না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2012, 09:37 AM

Updated : 24 Aug 2022, 10:55 AM

চট্টগ্রাম, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসেও উপাচার্য নিয়োগ না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ক্যাম্পাসের গোল চত্বর থেকে সাধারণ শিক্ষার্র্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি প্রশাসনিক ভবন ও বিভিন্ন বিভাগ প্রদক্ষিণ করে ফের গোল চত্বরে শেষ হয়। এর আগে একই দাবিতে রোববারও ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে। গত ২৮ জানুয়ারি চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. শ্যামল কান্তি বিশ্বাসের মেয়াদ শেষ হয়। এরপর এই পদে নতুন উপাচার্য নিয়োগ হয়নি। চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুয়েটে ৩৭ দিন ধরে উপাচার্য নাই। তবে এতে শিক্ষার্থীদের তেমন সমস্যা হচ্ছে না। আমরা তাদের ক্লাসে ফিরে যেতে আহ্বান জানিয়েছি।” উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে জানিয়ে তাজুল বলেন, শিক্ষার্থীদের বারবার ক্লাস বর্জনে তাদেরই ক্ষতি হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৫২৭ ঘ.