ঢাকা, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বুধবার রাতে কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগামী ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়া যাবে।
এবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে তিনশ, পুলিশে ৮৯, কর-এ ৬৯, পররাষ্ট্রে ১৬ জনসহ সাধারণ ক্যাডারে ৫৮২ জনকে নিয়োগ দেওয়া হবে।
প্রফেশনাল/কারিগরি ক্যাডারে দুই হাজার ৫৭২ জন চিকিৎসকসহ দুই হাজার ৯০৫ জনকে নিয়োগ দেবে সরকার।
এছাড়া বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে শিক্ষক হিসেবে ৬০৭ জন এবং শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে।
২০১২ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত যাদের বয়স ৩০ বছর তারা আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধা ও উপজাতী প্রার্থীরা ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিসিএস ক্যাডারভুক্ত কোনো পদে বিরতিহীনভাবে অ্যাডহক ভিত্তিতে নিয়োজিত সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে অ্যাডহক নিয়োগের সময় যদি তারা সর্বোচ্চ বয়সসীমা অতিক্রম না করে থাকেন তাহলে কেবল সেই পদের জন্য তাদের ঊর্ধ্বতম বয়সসীমা শিথীলযোগ্য বলে বিবেচিত হবে।
৩৩তম বিসিএসের আবেদপত্র অনলাইনে পূরনের নির্দেশাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আগামী মে মাসের শেষ সপ্তায় ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/০০২০ ঘ.
bdnews24