ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) সময়সূচি পরিবর্তনের দাবিতে ঢাকায় আন্দোলনরত আট শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই দাবিতে চট্টগ্রামে হয়েছে মানববন্ধন।
বুধবার বিকালে চকবাজার থানার উপ-পরিদর্শক মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা শিক্ষা বের্ডের সামনে থেকে আট শিক্ষার্থীকে আটক করে থানায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আটককৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিজ্ঞান বিভাগের সময়সূচি পরিবর্তনের জন্য দুই শতাধিক শিক্ষার্থী বুধবার সকাল ১০টা থেকে ঢাকা বোর্ডের সামনে অবস্থান নেয়।
বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুনের সঙ্গে দেখা করেন।
বিষয়টি বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছিলো বলেও জানান ওই শিক্ষার্থী।
উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানান, সময়সূচি পরিবর্তন না করা হলে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
গত ১৬ ফেব্র“য়ারি এইচএসসি পরীক্ষার সূচি অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। অন্য বছরগুলোতে গণিত পরীক্ষার আগে বেশ কয়েক দিন করে ছুটি থাকলেও এবার গণিত ১ম পত্রের আগে দুই দিন ও গণিত ২য় পত্রের আগে মাত্র একদিন ছুটি রাখা হয়েছে।
পরীক্ষার সূচি ঘোষণার পর থেকেই বিজ্ঞানের শিক্ষার্থীরা তা পরিবর্তনের দাবি জানিয়ে আসছে। গত ১৮ ফেব্র“য়ারি প্রেসক্লাবের সামনে মানবন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফাহিমা খাতুন সাংবাদিকেদর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান।
এদিকে একই দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছেন চট্টগ্রামের বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরা। বেলা এগারটা থেকে ঘণ্টাব্যাপী তিন শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম শিক্ষাবোর্ড কার্যালয়ের সামনে মানববন্ধন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এলএইচ/এএল/১৯১৮ ঘ.
bdnews24