২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধ সলিমুল্লাহ মেডিক্যালেও হাতাহাতি ছাত্রলীগের

ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর বন্ধ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজেও হাতাহাতিতে জড়িয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির ওই দুই পক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2012, 01:18 PM

Updated : 24 Aug 2022, 10:47 AM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ফেব্র“য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুই পক্ষের মারামারির পর বন্ধ সলিমুল্লাহ মেডিক্যাল কলেজেও হাতাহাতিতে জড়িয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠনটির ওই দুই পক্ষ। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই হাতাহাতি হয় বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে সেখানে ২০টি লোহার রড পায়। গত শুক্রবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজের অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হলেও ক্লাস পুনরায় শুরুর কোনো দিন ঠিক হয়নি। রোববার আবার অ্যাকাডেমিক কাউন্সিল বসবে বলে উপাধ্যক্ষ সামিউল ইসলাম সাদী জানিয়েছেন। একাডেমিক কাউন্সিল সভা শুরু হওয়ার এক ঘণ্টা আগে ক্যাম্পাসে হাতাহাতিতে জড়ায় ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ শোয়েব গ্র“প ও আরিফ গ্র“প। শুক্রবারের সংঘর্ষে আরিফের অনুসারী অ্যাঞ্জেলের অবস্থা গুরুতর। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ বন্ধ হলেও অ্যাঞ্জেলের ওপর হামলার বিচার চেয়ে আরিফের অনুসারীরা প্রতিদিন ক্যাম্পাসে এসে নির্দিষ্ট সময় অবস্থান করছে। সকাল ১১টার দিকে শোয়েব গ্র“প ক্যাম্পাসে এলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি বাঁধে। তখন পুলিশ গিয়ে দুই পক্ষকে দুই দিকে হটিয়ে দেয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কোতোয়ালি থানার ওসি ওসি সালাউদ্দিন খান। তিনি আরো বলেন, হাতাহাতির পর তল্লাশি চালিয়ে টিচার্স লাউঞ্জের পাশের গলিতে লুকিয়ে রাখা একটি গিটারের ভেতর ২০টি লোহার রড পাওয়া যায়। ওই রডগুলো মারামারির জন্য আনা হয়েছিল বলে ওসি মনে করছেন। উপাধ্যক্ষ সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে কোনো ছাত্র বা কোনো রাজনৈতিক কার্যক্রম চালানো যাবে না বলে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে। ছাত্রলীগের আরিফ গ্র“প উপাধ্যক্ষ এবং শোয়েব গ্র“প মিটফোর্ড হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম খানের প্রশ্রয় পান বলে শিক্ষার্থীরা জানান। তবে কোনো পক্ষকে প্রশ্রয় দেওয়ার কথা নাকচ করে আসছেন দুজনই। শুক্রবারের সংঘর্ষে সাত জন আহত এবং প্রধান ছাত্রাবাসের ৩৩টি কক্ষ ভাংচুর হয়। ওই ঘটনার তদন্তে অধ্যাপক এ আর এম লুৎফুল কবিরকে সভাপতি করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে কলেজ কর্তৃপক্ষ। তদন্ত কমিটি বুধবার প্রতিবেদন জমা দিয়েছে বলে কলেজ অধ্যক্ষ অধ্যাপক এম এ আজহার জানান। তিনি বলেন, আগামী রোববার তদন্ত প্রতিবেদন নিয়ে অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৯১০ ঘ.