২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইবিতে রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা, মানছে নো কেউ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি থাকলেও শিক্ষক-শিক্ষার্থী বা ছাত্র সংগঠন কেউ তা মানছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

ইসলামী বিশ্ববিদ্যালয়, ফেব্র“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি থাকলেও শিক্ষক-শিক্ষার্থী বা ছাত্র সংগঠন কেউ তা মানছেন না। রোববারও নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্র শিবিরের দুই কর্মী ‘নিখোঁজ’ হওয়ায় ঘটনায় সভা-সমাবেশ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর জন্য ক্যাম্পাসে নির্ধারিত টেন্টে অবস্থান করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। নিষেধাজ্ঞা অমান্য করে আন্দোলন করাকে আইন পরিপন্থী বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও আল ফিকহ্ বিভাগের দুই ছাত্র ঢাকা থেকে ক্যাম্পাসে ফেরার পথে ‘নিখোঁজ’ হন, যাদেরকে নিজেদের কর্মী বলে দাবি করে ছাত্র শিবির। ‘নিখোঁজদের’ অবিলম্বে উদ্ধারের দাবিতে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে ছাত্র শিবির। এতে যুক্ত হয়েছে ‘নিখোঁজ’ শিক্ষার্থীদের বিভাগের শিক্ষক ও সহপাঠীরা। এ অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রাখতে গত ৮ ফেব্র“য়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ-মিছিল-মানববন্ধন-ধর্মঘট নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি নিষেধাজ্ঞা চলাকালে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশকে নিষিদ্ধ করা হয়। সকাল ১১টায় ‘নিখোঁজ’ দুই ছাত্রকে উদ্ধারের দাবিতে অনুষদ ভবনের সামনে ইবি শিক্ষক সমাজের মানববন্ধনে শিক্ষকদের সঙ্গে যোগ দেয় আল-ফিকহ বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বক্তব্য রাখেন ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আ ছ ম তরিকুল ইসলাম, ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক, গ্রিন ফোরামের সভাপতি অধ্যাপক ড. আবু সিনা, অধ্যাপক ড. আফাজ উদ্দিন, অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল প্রমুখ। একই সময় একই দাবিতে ধর্মতত্ত্ব অনুষদের ডিন বরাবর স্মারকলিপি দিয়েছে অনুষদের শিক্ষার্থীসহ শিবিরের কর্মীরা। স্মারকলিপি প্রদান শেষে ডিন কার্যালয়ের সামনে সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সমাবেশে বক্তব্য রাখেন দাওয়াহ বিভাগের ছাত্র ও শিবিরকর্মী আনোয়ার হোসেন, সিরাজুল ইসলাম, আজহার উদ্দিন, আল-কোরআনের ছাত্র আবু সাঈদ, আল-হাদিসের শরফুদ্দিন, মঈনুদ্দিন প্রমুখ। ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. নজিবুল হক নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানববন্ধন করার ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অপহৃত স্নেহভাজন দুই শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। কোনো বিশৃঙ্খলা তৈরি এর উদ্দেশ্য নয়। নিষেধাজ্ঞা উপেক্ষা করে টেন্টে অবস্থান প্রসঙ্গে ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন বলেন, ইবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিপন্থী কোনো কাজের সঙ্গে জড়িত নয়। ইবি শিবির সভাপতি মো. তারেক মনোয়ার বলেন, সমাবেশ বা এ ধরনের কোনো কর্মসূচিতে তারা অংশ নেয়নি। বিশ্ববিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মো. মহব্বত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সময়ে মিছিল-সমাবেশ বা টেন্টে অবস্থান করা বিশ্ববিদ্যালয়ের আইন-শৃঙ্খলা পরিপন্থী কাজ। যা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক নিষিদ্ধ।” বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম কমাল উদ্দিন বলেন, অপহৃত ছাত্রদের উদ্ধারে জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে র‌্যাব ও পুলিশকে অবহিত করা হয়েছে। তাদের উদ্ধারে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান উপ-উপাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৫৩ ঘ.