শাবি, ফেব্র“য়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের সঙ্গে মারামারি পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবিরের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
দাবি পূরণে প্রশাসনের আশ্বাস পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার রাতে শিবির নেতারা জানিয়েছেন। গত ১৫ জানুয়ারি থেকে ধর্মঘট ডেকেছিল তারা।
রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আ জ ম মুজাহিদ রুমী ও সাধারণ সম্পাদক জাকির হোসেন এক বিবৃতিতে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে দেখা করেছিল জামায়াতে ইসলামী সমর্থক এই সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, উপাচার্য পর্যায়ক্রমে দাবি আদায়ের আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
তবে উপাচার্য অধ্যাপক ড. সালেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবিরের নেতাদের সঙ্গে দাবি নিয়ে কোনো কথা হয়নি। আমার শরীর খারাপ তো, তাই ওরা আমাকে দেখতে এসেছিল।”
অবশ্য শিবির নেতাদের সঙ্গে প্রশাসনের ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে তিনি জানান।
শিবির ধর্মঘট ডাকার পর বিশ্ববিদ্যালয় পরিস্থিতি স্থিতিশীল রাখতে সঙ্কট নিরসন কমিটি গঠন করে প্রশাসন, যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল।
ওই কমিটির সদস্য প্রক্টর হিমাদ্রি শেখর রায় সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় সচল রাখার বিষয়ে তারা শিবিরের সহযোগিতা চেয়েছিলেন। ক্লাস-পরীক্ষা চালু রাখতে সংগঠনটিও সহযোগিতার আশ্বাস দিয়েছে।
হলে সহাবস্থান, মারামারির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ কয়েকটি দাবি রয়েছে শিবিরের। এসব দাবি পর্যায়ক্রমে পূরণ হবে বলে প্রক্টর জানান।
তবে হলের সহাবস্থানের বিষয়ে হিমাদ্রি শেখর বলেন, “এখন তো শিবিরের হলে ওঠার অনুকূল পরিবেশ নেই। হলে সহাবস্থানের বিষয়টি তাদের দাবি থাকায় আমরা তা পর্যায়ক্রমে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেব।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯৪০ ঘ.
bdnews24