ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোহরাওয়ার্দি উদ্যানে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির এক নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান (গণিত), প্যারিস (ফলিত পদার্থ), মেরুন (ফলিত রসায়ন), লাজুর রহমান ও শুভ; ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা মিঠু ও তার ভাই জুয়েল।
উদ্যানের রমনা কালী মন্দির সংলগ্ন অংশে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সাত জন আহতের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সদস্য মো. রফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি রিয়াজুল সুমনসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতাকর্মী ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় কয়েকজন তরুণ এসে সেখানে খেলতে চাইলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া ও পাল্টা ধাওয়া হলে আহতের ঘটনা ঘটে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিষয়টি শোনমাত্র আমরা সেখানে পৌঁছেছি এবং আহতদের সেবা দেওয়ার ব্যবস্থা করেছি। তবে কী করনে এ ঘটনা ঘটল তা স্পষ্ট নয়।”
তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/২৩০৩ ঘ.
bdnews24