২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসির প্রথম দিন অনুপস্থিত ৭ হাজার

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে সাত হাজার ৩৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে সাত হাজার ৩৪৫ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসুদপায় অবলম্বনের দায়ে বিভিন্ন বোর্ডে ৩৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদ্রাসা বোর্ডে বহিষ্কার হন দুই শিক্ষক। এসএসসি পরীক্ষা উপলক্ষে স্থাপিত শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে বুধবার এ তথ্য জানানো হয়। বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে বুধবার দেশের দুই হাজার ৪৬৪টি কেন্দ্রে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্রের পরীক্ষা হয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকা বোর্ডে এক হাজার ৪০, কুমিল্লা বোর্ডে ৪২৩, রাজশাহী ৫৬০, যশোর ৪৯৭, চট্টগ্রাম ২২৫, সিলেট ১০৮, বরিশাল ১৩৭ এবং দিনাজপুর বোর্ডে ৩৩৭ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। এছাড়া মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৯০ জন এবং কারিগরি বোর্ডে ৬২৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। অসুদপায় অবলম্বনের জন্য ঢাকা, রাজশাহী, যশোর ও দিনাজপুর বোর্ডে এক জন করে এবং চট্টগ্রাম বোর্ডে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৫ জন ও কারিগরি বোর্ডে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, দাখিল ও কারিগরি বোর্ডের অধীনে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী এবার এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ৭ লাখ ৩৫ হাজার ২২৯ জন ছাত্র এবং ৬ লাখ ৮৪ হাজার ৮২৮ জন ছাত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/২৩২১ ঘ.