ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগকর্মীদের হামলায় এক ছাত্র নিহতের পর শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন স্থগিত হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক সভায় সমাবর্তন স্থগিতের সিদ্ধান্ত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আগামী ৭ ফেব্র“য়ারি এই সমাবর্তন হওয়ার কথা ছিল। তার ছয় দিন আগে স্থগিতের সিদ্ধান্ত জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, অনিবার্য কারণে সমাবর্তন স্থগিত করা হয়েছে। শিগগিরই নতুন তারিখ ঘোষণা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিছু সংখ্যক শিক্ষক বিভিন্ন প্রচার মাধ্যমে এবং লিফলেট আকারে যে সব কর্মসূচি ঘোষণা করেছে, তাতে ৭ ফেব্র“য়ারি সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠুভাবে আয়োজন সম্ভবপর নয়।
গত মাসের প্রথম দিকে ইংরেজি বিভাগের ছাত্র জুবায়ের আহমেদ নিহত হওয়ার পর থেকে রাজধানীর উপকণ্ঠের এই বিশ্ববিদ্যালটিতে অস্থিরতা চলছে।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাত ছাত্রকে আজীবন বহিষ্কার করেছে। শাস্তি দেওয়া হয়েছে আরো কয়েকজনকে।
তবে শিক্ষার্থীরা আরো কিছু দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করে আসছে। জুবায়ের হত্যার পর শিক্ষার্থীদের শিক্ষকদের একটি অংশও আন্দোলন চালিয়ে আসছে।
সমাবর্তন স্থগিত প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শরীফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্ভবত শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রশাসন ভীত হয়ে সমাবর্তন স্থগিত করেছে।”
“এভাবে অনুষ্ঠান স্থগিত করা উচিত হয়নি। এতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীরা যেমন হতাশ হয়েছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হল।”
অন্যদিকে আন্দোলনকারী শিক্ষকরা সমাবর্তন স্থগিতে তাদের দায়ী করে দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করে আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, প্রশাসন নিজের ব্যর্থতা ঢাকতে ‘শিক্ষক সমাজ’র ওপরে দায় চাপাতে চাচ্ছে।
দর্শন বিভাগের শিক্ষক রায়হান রাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আন্দোলনকারী শিক্ষকরা সব সময়ই সমাবর্তন অনুষ্ঠানের পক্ষে। প্রকৃত পক্ষে প্রশাসন ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে না পেরে নিজেদের উপলব্ধি থেকেই এ সিদ্ধান্ত নিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএইচএ/এমআই/২৩২৪ ঘ.
bdnews24