চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন জমা দেওয়ার সময়সীমা ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার চুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী বৃহস্পতিবার বেলা ১২ পর্যন্ত ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার আবেদন জমা দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২ সেপ্টেম্বর থেকে টেলিটক মোবাইল ফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন জমা নেয়া শুরু হয়। যান্ত্রিক ত্রুটির কারণে গত ৭ অক্টোবর সন্ধ্যা থেকে আবেদন গ্রহণ করা যাচ্ছিল না।
তাই মঙ্গলবার চুয়েট ভর্তি কমিটির এক সভায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সুবিধার্থে আবেদনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে আবেদনের শেষ সময় নির্ধারিত ছিল ৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।
আগামী ১০ নভেম্বর সকাল ১০ টায় বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও দুপুর আড়াইটায় মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০১২-১৩ শিক্ষাবর্ষে চুয়েটে মোট আসন সংখ্যা ৬৩০। এছাড়া রাখাইন স¤প্রদায়ের জন্য ১টি, পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য জেলার জাতিগত সংখ্যালঘুদের জন্য ১০টিসহ অতিরিক্ত ১১টি সংরক্ষিত আসন রয়েছে।
ভর্তি পরীক্ষায় আবেদনের নিয়মসহ বিস্তারিত সব তথ্য চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএএইচ/এইচএ/২১৪৯ ঘ.
bdnews24