রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১২-১৩ শিক্ষাবর্ষের আরো দুটি ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
সোমবার রাতে এ-৩ ও এ-৪ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয় বলে জানান ভর্তি কমিটির সদস্য ও একাডেমিক শাখার উপ-নিবন্ধকার এ এইচ এম আসলাম হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ-৩ ইউনিটে রয়েছে ইতিহাস, ইসলামের ইতিহাস ও দর্শন এবং এ-৪ ইউনিটে রয়েছে আরবী ও ইসলামিক স্টাডিজ বিভাগ।
এ-৩ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২১ নভেম্বর এবং এ-৪ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৯ নভেম্বর সকাল ৯টায় সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে।
এই কর্মকর্তা আরো বলেন, এর আগে দুপুরে এ-৭ ইউনিটের ফল প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd এবং http://admission.ru.ac.bd পাওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদের ৪৯টি বিভাগের ৩ হাজার ৬১৫ আসনের বিপরীতে মোট দুই লাখ ৪২ হাজার ২৬৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষা দিচ্ছেন। গত বৃহস্পতিবার থেকে তা শুরু হয়, চলবে মঙ্গলবার পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৩৩ ঘ.
bdnews24